সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়ার কাছে গত বৃহস্পতিবার রাতে অন্তত ৫০টি ট্রলারে লুটপাট চালিয়েছে জলদস্যুরা। তারা প্রায় এক কোটি টাকার জাল, মাছ, জ্বালানি ও অন্যান্য মালামাল লুট করেছে। এ সময় তারা ১৭টি ট্রলারসহ ১২০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।অপহূত জেলেদের মুক্তির বিনিময়ে জলদস্যুরা জনপ্রতি দুই লাখ টাকা দাবি করেছে। বৃহস্পতিবার রাত নয়টা থেকে দুইটা পর্যন্ত সশস্ত্র দস্যুরা এই তাণ্ডব চালায়। গতকাল শুক্রবার দুপুরে জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জেলেরা পাথরঘাটায় এসে এসব তথ্য জানান।দস্যুকবলিত বিভিন্ন ট্রলারের ৫০ জন জেলে বৃহস্পতিবার দুপুরে বরগুনার পাথরঘাটার আলম মোল্লার মালিকানাধীন এফবি মাছুম নামে একটি ট্রলারে করে পাথরঘাটায় ফিরে আসেন।তাঁরা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়ার কাছে মাছ ধরার সময় ৪০-৪৫ জনের একটি সশস্ত্র জলদস্যুর দল সেখানে প্রায় ৫০টি ট্রলারের জেলেদের ওপর হানা দেয়। জলদস্যুরা এ সময় গুলি ছুড়ে জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এরপর একে একে ট্রলারগুলোর জেলেদের জিম্মি করে প্রায় পাঁচ ঘণ্টা লুটপাট চালায়। তারা এসব ট্রলারে থাকা জাল, মাছ, জ্বালানি, অন্যান্য সরঞ্জামসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে। পরে জলদস্যুরা ১৭টি ট্রলারসহ ১২০ জন জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায়। জেলেদের অপহরণ করে নেওয়ার সময় তারা নিজেদের সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু মোতালিব বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং অপহূত জেলেদের মুক্তি দিতে জনপ্রতি দুই লাখ টাকা দাবি করে।লুট হওয়া ট্রলারগুলোর মধ্যে এ পর্যন্ত পাথরঘাটার হাবিব মুন্সির মালিকানাধীন এফবি সামসুন্নাহার, নূর হোসেনের এফবি রেহেনা, মালেক পাইকারের এফবি মালেক পাইকার ১ ও ২, বরগুনার শুক্কুর মিয়ার এফবি জিসান, হানিফ মিয়ার এফবি ভাই ভাইয়ের নাম জানা গেছে।অপহূত জেলেদের মধ্যে রাজ্জাক, শামিম, জিয়াউল হক, মাছুম, সাদেক, বিল্লাল, রহিম, শওকত, জাফর, হাশেম, মোস্তফা, খলিল, আবদুল হক, খোকন, জাকির, মাহবুব ও ফারুকের নাম জানা গেছে। তাঁদের বাড়ি বরগুনা ও পাথরঘাটার বিভিন্ন গ্রামে।পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, বেশ কিছুদিন বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব বন্ধ থাকার পর এক সপ্তাহ ধরে তা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বৃহস্পতিবার রাতে বিপুলসংখ্যক ট্রলারে লুটপাট এবং জেলেদের অপহরণের ঘটনার পর জেলেরা আতঙ্কে আছেন।বরগুনা জেলা জেলে ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, কয়েক দিনের উপর্যুপরি ডাকাতির ঘটনায় এই অঞ্চলের প্রায় দেড় লাখ সমুদ্রগামী জেলে দিশেহারা হয়ে পড়েছেন।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. হাসানুজ্জামান বলেন, ‘ডাকাতির ঘটনা আমরা শুনেছি, তবে ঘটনাস্থল আমাদের আওতার বাইরে। ডাকাতির ব্যাপারে স্থানীয় ট্রলারমালিকদের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।’