১৭ ডিসেম্বর থেকে আবার অবরোধ হরতালের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ডিসেম্বর থেকে আবার টানা হরতাল বা অবরোধ দেওয়ার কথা ভাবছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এদিকে আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে জামায়াত কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। গতকাল শুক্রবার সকাল ছয়টায় এই কর্মসূচি শেষ হয়েছে।
বিএনপির দপ্তর থেকে বলা হয়েছে, কাল ১৫ ডিসেম্বর জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ না-ও হতে পারে। নির্বাচনী তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কাল সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়ে পুলিশের কাছে আবেদন করে জোট। যদিও গতকাল পর্যন্ত এ আবেদনে সাড়া দেয়নি পুলিশ।
এর মধ্যে সরকারের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছে বিএনপি। এ জন্য নতুন করে আন্দোলন কর্মসূচি নির্ধারণ করেনি তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে জানান, তাঁরা আন্দোলনেই আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হওয়াটাই ভালো। তাই তাঁরা আলোচনা অব্যাহত রেখেছেন।