১৭ দফা দাবিতে অস্থির কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির ছয় দফা দাবি বাস্তবায়ন নিয়ে দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় গতকাল সোমবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত ছিল। শিক্ষক সমিতির কর্মসূচির কারণে চারটি চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এদিকে শিক্ষকের ওপর হামলার বিচার, ক্লাস চালুসহ ১১ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল করেন। এ অবস্থায় ১৭ দফা দাবিতে অস্থির কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের অন্তত তিনজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা শিক্ষক লাউঞ্জে বৈঠকে বসেন। বৈঠকে ছয় দফা দাবি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পুনরায় উপাচার্যের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বেলা ২টা ১৫ মিনিটে শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহেরের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করেন। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে উপাচার্য শিক্ষকদের ছয় দফা দাবি বাস্তবায়ন নিয়ে সমিতিকে কার্যকর কোনো প্রতিশ্রুতি দেননি। তবে উপাচার্য আন্দোলনরত শিক্ষকদের জানিয়েছেন, দুই শিক্ষকের বাসায় হামলার বিষয়ে মামলা নিয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন। অন্যান্য দাবি সিন্ডিকেটে উত্থাপন করবেন। উপাচার্যের ওই বক্তব্যের পর বেলা ৩টা ৪৫ মিনিটে শিক্ষক সমিতির নেতারা তাঁর কক্ষ ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন মো. আবু তাহের বলেন, ‘১৮ জানুয়ারি ভোরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ভাড়া বাসায় হামলা এবং গত বছরের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াতকে একই বিভাগের এক শিক্ষক মারার জন্য তেড়ে আসেন ও গালাগাল করেন। ওই দুই ঘটনাসহ আরও চারটি দাবি নিয়ে উপাচার্য মো. আলী আশরাফের সঙ্গে দেখা করি। তিনি দাবি-দাওয়া নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি, যে কারণে সমিতির ইচ্ছা থাকা সত্ত্বেও এই মুহূর্তে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করা যাচ্ছে না। মঙ্গলবার পুনরায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘শিক্ষক সমিতির সঙ্গে সোমবার বৈঠক করেছি। তাঁদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়েছি। দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা বলেছি। এ ছাড়া অন্য দাবিগুলো সামনের সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে বলে শিক্ষক সমিতিকে নিশ্চিত করি।’