১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া, মেডিকেল ভাতা, ইনক্রিমেন্ট ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১৭ দফা দাবিতে বরিশালে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন।গতকাল বুধবার সকাল ১০টায় জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে অশ্বিনীকুমার হল চত্বরে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে শিক্ষকনেতারা বলেন, দেশের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে ৮৯ ভাগ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা যুক্ত। অথচ এই বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী প্রতিনিয়ত বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছেন। তাই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকট নিরসনে আসন্ন জাতীয় বাজেটে বরাদ্দ দিতে হবে। অন্যথায় শিক্ষক-কর্মচারীরা রাজপথে নামতে বাধ্য হবেন। শিক্ষকনেতারা আরও বলেন, এবারের বাজেটে অবশ্যই ৫০ ভাগ বাড়িভাড়া, মাথাপিছু ৭০০ টাকা চিকিৎসা ভাতা, বছরে একটি করে ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ শিক্ষা জাতীয়করণের ঘোষণা থাকতে হবে। বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মহসিন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হক, মজিবুর রহমান, আমিনুর রহমান, এ কে এম রহিম, পটুয়াখালী জেলার শিক্ষকনেতা জাকির হোসেন প্রমুখ। পরে ১৭ দফা দাবি তুলে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।