১৭ দফা দাবিতে শ্রমিকদের অনির্দিষ্টকাল কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকেরা ১৭ দফা দাবিতে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। কর্মবিরতির কারণে ওই খনি থেকে পাথর উত্তোলন চার দিন ধরে বন্ধ রয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, খনির শ্রমিক-কর্মচারী ইউনিয়ন দুই মাস আগে শ্রমিকদের চাকরি স্থায়ী করা ও বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবিতে খনি কর্তৃপক্ষের কাছে সঞ্চারকলিপি দেয়। গত ২০ জুলাই কর্তৃপক্ষ, শ্রমিকদের নিয়োগদানকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ব্লু-স্টার’-এর প্রতিনিধি ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। এতে খনি থেকে দৈনিক পাথর উত্তোলন বাড়ানো হলে শ্রমিকদের চাকরি স্থায়ী ও অন্যান্য দাবি পূরণের ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানানো হয়। শ্রমিকেরা জানান, কর্তৃপক্ষ গত বুধবার ১৮ শ্রমিককে কারণ দর্শানো নোটিশ দেয়। এ কারণে ওই দিন থেকেই শ্রমিকেরা তাঁদের দাবি বাস্তবায়ন ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করে। খনির মহাব্যবস্থাপক আবুল বাশার বলেন, ‘শ্রমিকেরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তাঁদের চাকরি স্থায়ী করার এখতিয়ার আমাদের নেই।’ তিনি অভিযোগ করেন, শ্রমিকেরা ইচ্ছা করে দৈনিক পাথর উত্তোলন কমিয়ে দিয়েছেন।শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।