
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আন্দোলনের মুখে টানা ১৭ দিন ধরে নিজ দপ্তরে যাচ্ছেন না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হলেও সেগুলোয় তিনি অংশ নিচ্ছেন না।
উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলছে ঢিমেতালে। অবশ্য উপাচার্য দাবি করেছেন, দপ্তরে তালা থাকায় তিনি বাংলোতে বসে দাপ্তরিক ও দৈনন্দিন কাজ পরিচালনা করছেন।
এদিকে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় শিক্ষক সমিতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ অক্টোবর এই নির্দেশ দেয় মন্ত্রণালয়।
গত ১৫ অক্টোবর প্রথম আলোয় ‘পদে পদে উপাচার্যের অনিয়ম!’ শিরোনামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতির বিচারসহ ১৪ দফা দাবিতে ১৫ অক্টোবর উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় শিক্ষক সমিতি। নির্ধারিত সময়সীমার মধ্যে উপাচার্য ওই দাবি পূরণ করেননি। পরদিন ১৬ অক্টোবর উপাচার্যের দপ্তরে তালা দেয় শিক্ষক সমিতি। এরপর থেকেই উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যাচ্ছেন না। এই অবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে ক্লাস ও পরীক্ষা হচ্ছে।
১৭ ও ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য। তিনি দপ্তরে না যাওয়ায় এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ২৬ অক্টোবর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের আওতাধীন ৯ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য। কিন্তু তিনি ওই অনুষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েও উপস্থিত হননি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী আশরাফ বলেন, আগামী ২ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। বিরাজমান প্রেক্ষাপটে সরকার চাইলে মেয়াদের আগেই তিনি চলে যাবেন। এখন বাংলোতে বসে দৈনন্দিন কাজ করছেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে শিক্ষক সমিতি যেসব অভিযোগ এনে দপ্তরে তালা দিয়েছে, সেগুলো ভিত্তিহীন।
তবে উপাচার্যের বক্তব্যের বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, উপাচার্য অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। তিনি উপাচার্য পদকে কলুষিত করেছেন। শিক্ষকদের ওপর হামলার বিচার করেননি। তাঁর দ্রুত প্রস্থানই বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক।
২০১৩ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আলী আশরাফকে চার বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।