১৭ দিন ধরে সুন্দরবনে ১৬১ জেলে বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে জলদস্যুদের হাতে বন্দী কক্সবাজারের ১৬১ জন জেলেকে মুক্ত করা যাচ্ছে না। ১৭ থেকে ২২ দিন আগে সাগরে মাছ ধরতে গেলে জলদস্যুরা অস্ত্রের মুখে ট্রলারসহ জেলেদের অপহরণ করে সুন্দরবনে নিয়ে যায়। দস্যুরা এখন ট্রলারের মালিকদের কাছে এক কোটি ২০ লাখ টাকা (ট্রলারপ্রতি ১০ লাখ টাকা) মুক্তিপণ দাবি করছে। অন্যথায়, জেলেদের হত্যার হুমকি দিচ্ছে তারা। এ নিয়ে অপহূত জেলেদের পরিবার-পরিজন উৎকণ্ঠায় আছেন।ট্রলার মালিকেরা জানান, ২ থেকে ৭ নভেম্বর একাধিক জলদস্যু বাহিনী অস্ত্রের মুখে কক্সবাজারের ১২টি মাছ ধরার ট্রলারসহ ২০৪ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণের টাকা নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে বিভিন্ন ট্রলারের ৪৩ জন জেলেকে ছেড়ে দেওয়া হয়। অবশিষ্ট ১৬১ জন জেলে এখনো বন্দী আছেন। সুন্দরবন এলাকা থেকে মাছ ধরে কক্সবাজার ফেরার পথে ওই জেলেদের অপহরণ করা হয়। খুলনা ও বাগেরহাটের দুবলারচর, নারিকেলবাড়িয়া, কটকা, আলমপুরসহ সুন্দরবনের গভীর জঙ্গলে এসব জেলেকে আটকে রাখা হয়েছে বলে মুক্তি পাওয়া জেলেরা জানিয়েছেন।জলদস্যুদের হাত থেকে ছাড়া পাওয়া কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, ২ নভেম্বর সন্ধ্যায় সুন্দরবন উপকূল থেকে মাছ ধরে কক্সবাজার ফিরে আসার সময় জলদস্যু রাজু ও আব্বাস বাহিনী দুটি ট্রলার নিয়ে তাঁদের ট্রলারটি অস্ত্রের মুখে জিন্মি করে। ট্রলারের ১৭ জন জেলেকে রশি দিয়ে হাত-পা বেঁধে মাছ রাখার একটি কক্ষে আটকে রাখা হয়। পরে আরও একটি ট্রলারকে জিম্মি করে সুন্দরবনের গভীরে নিয়ে যায় তারা। জেলা ফিশিংবোট মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান বলেন, গতকালও দস্যু দলের সদস্যরা মুঠোফোনে ট্রলারের মালিকদের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করে নানা হুমকি-ধমকি দিয়েছে।জেলা ফিশিংবোট মালিক সমিতির দেওয়া তথ্যমতে, অপহূত জেলে ও ট্রলারের মধ্যে কক্সবাজার শহরের নুনিয়াছটার আবদুল হকের একটি ট্রলারসহ পাঁচজন জেলে, নতুন বাহার ছড়ার শাহাব উদ্দিনের একটি ট্রলারসহ ১৬ জন জেলে, এসএম পাড়ার মতিউর রহমানের একটি ট্রলারসহ ১৬ জন, বাহারছড়ার শামসোদ্দাহার একটি ট্রলারসহ ১৬ জন, আবু সুলতানের একটি ট্রলারসহ ১৭ জন, মহেশখালীর গোরকঘাটার মনির ইসলামের একটি ট্রলারসহ ১৬ জন, খুরুশকুলের আলাউদ্দিন ও আবু বক্করের দুটি ট্রলারসহ ১৬ জন, কক্সবাজার শহরের পেসকারপাড়ার আবদুল মোনাফের দুটি ট্রলারসহ ৩৪ জন এবং মহেশখালীর শহীদুল ইসলাম ও আবু তাহেরের দুটি ট্রলারসহ ২৫ জন জেলে বন্দী রয়েছেন। তাঁরা সবাই কক্সবাজারের বাসিন্দা। ট্রলারের মালিকেরা বলছেন, মুক্তিপণের বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে বন্দী জেলেদের ছাড়িয়ে আনা যাচ্ছে না।এ ব্যাপারে ১২ নভেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিতভাবে জানানো হলে তিনি এক সপ্তাহের মধ্যে জেলেদের উদ্ধারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত ওই জেলেরা মুক্তি পাননি।কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি গতকাল বলেন, ‘সুন্দরবন উপকূল থেকে মাছ ধরে ফেরার পথে কক্সবাজারের ১২টি ট্রলারসহ ১৬১ জন জেলেকে অপহরণ করা হয়েছে। খবর পেয়েছি, অপহূত জেলেদের সুন্দরবনে আটকে রাখা হয়েছে। এসব জেলেকে উদ্ধারে সেখানকার পুলিশ কাজ করছে। আমরা কক্সবাজার, কুতুবদিয়া ও মহেশখালী উপকূলের জলদস্যুদের তালিকা তৈরি করে তাদের ধরার চেষ্টা চালাচ্ছি।’