১৭ দিন পর প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১৭ দিন পর শাহানারা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আটটার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালির আক্তারুজ্জামান কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কলেজের নৈশপ্রহরী আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে। শাহানারা খাতুন (৩২) উপজেলার খলিশখালি গ্রামের মালয়েশিয়া-প্রবাসী শহিদুল ইসলাম গোলদারের স্ত্রী। নিহত শাহানারা খাতুনের ভাই একই উপজেলার বাগমারা গ্রামের খুরশিদ আলম অভিযোগ করেন, তাঁর বোনকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। খুরশিদ আলম জানান, তিন বছর ধরে তাঁর ভগ্নিপতি মালয়েশিয়ায় থাকেন। ভগ্নিপতি বিদেশে যাওয়ার পর থেকে শ্বশুর, শাশুড়ি ও দেবরেরা তাঁর বোনকে নানাভাবে নির্যাতন করতেন। ভগ্নিপতি বিদেশ থেকে টাকা পাঠিয়ে তাঁর বোনের নামে জমি বন্ধক রাখার জন্য বলেন। কিন্তু তাঁর বোনের শ্বশুর ফজলে গোলদার জমি নিজ নামে বন্ধক রাখেন। এ নিয়ে গত অক্টোবরে তাঁর বোনের সঙ্গে শ্বশুরবাড়ির লোকদের বিরোধ তীব্র হয়। গত ২২ নভেম্বর রাতে তাঁর বোনের ঘরে শ্বশুরবাড়ির লোকজন আগুন ধরিয়ে দেন। এরপর থেকে ছেলেমেয়ে নিয়ে তাঁর বোন বাবার বাড়িতে চলে আসেন। গত ৪ ডিসেম্বর তাঁর বোন মেয়েকে স্কুলে দিয়ে আর ফেরেননি। এ ঘটনায় ৭ ডিসেম্বর পাটকেলঘাটা থানায় জিডি করা হয়। মঙ্গলবার রাত আটটার দিকে পাটকেলঘাটা থানা পুলিশ তাঁর বোনের গলিত লাশ উদ্ধার করেন।
তবে নিহত শাহানারা খাতুনের দেবর সাইফুল ইসলাম গোলদার জানান, সামান্য ভুল-বোঝাবুঝির কারণে ভাবি বাপের বাড়ি চলে যান। কারা তাঁকে হত্যা করেছে তা তিনি ধারণা করতে পারছেন না। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, এ ঘটনায় নিহত শাহানারা খাতুনের বাবা নূর ইসলাম শেখ বাদী হয়ে তাঁর মেয়ের শ্বশুর, শাশুড়ি, তিন দেবরসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।