১৭ দিন পর মায়ের কোলে ফিরল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের দুই মাস পর শিশুটিকে ফেলে চলে যান বাবা। মা তাকে নিয়ে আশ্রয় নেন চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের একটি বস্তিতে। সেখানেই বস্তির অন্য ছেলেদের সঙ্গে বেড়ে উঠছিল শিশুটি। এখন তার বয়স তিন বছর। গত ২৭ ডিসেম্বর বস্তি থেকে তাকে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। এক লাখ টাকার বিনিময়ে তাকে তুলে দেওয়া হয় ফটিকছড়ির আরেক ব্যক্তির কাছে। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ১৭ দিন পর গতকাল শুক্রবার মায়ের কোলে ফিরতে পেরেছে শিশুটি।
শিশু অপহরণের এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আশেকুর রহমান, মো. সিরাজ, দোলন শীল, রেখা শীল ও নীলি শীল। তাঁদের মধ্যে আশেকুর রহমান শিশুটিকে অপহরণ করেন। তাঁর বাড়ি নোয়াখালীতে। দোলন শীল, রেখা শীল ও নীলা শীলকে গ্রেপ্তার করা হয়েছে শিশুটিকে ‘কিনে’ নেওয়ার অপরাধে। তাঁদের বাড়ি ফটিকছড়িতে। হাটহাজারীর বাসিন্দা অটোরিকশাচালক সিরাজের মাধ্যমে বেচাকেনার কাজটি হয় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, শিশুটির মা হালিমা আক্তারের সঙ্গে ছয় মাস আগে আশেকুর রহমানের পরিচয় হয়। এরপর থেকে ওই বস্তিতে প্রায়ই আসতেন তিনি। ২৭ ডিসেম্বরও শিশুটির মায়ের সঙ্গে দেখা করতে আসেন। সেদিন তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। এরপর সিরাজের সঙ্গে যোগাযোগ করেন আশেকুর। এক লাখ টাকা নিয়ে শিশুটিকে তুলে দেন ফটিকছড়ির দোলন ও রেখা শীল দম্পতির কাছে। দোলন শীল তাঁর ভাইয়ের স্ত্রী নীলি শীলের হাতে তুলে দেন শিশুটিকে। এত দিন সে নীলির কাছেই ছিল। নীলির স্বামী প্রবাসী।
শিশুটিকে উদ্ধারের বিষয়ে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল কাদের প্রথম আলোকে বলেন, শিশুটি অপহৃত হওয়ার পর তার মা থানায় অভিযোগ করেন। তদন্তের সূত্র ধরে গত বৃহস্পতিবার সকালে নোয়াখালী থেকে আশেকুরকে প্রথমে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আশেকুর স্বীকার করেন, শিশুটিকে চুরি করে হাটহাজারীর সিরাজ ড্রাইভারের মাধ্যমে তিনি বিক্রি করে দিয়েছেন। এরপর সিরাজের মাধ্যমে বাকি তিনজনকে ফটিকছড়ির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এসআই বলেন, অপহৃত শিশুটি কেনার অপরাধে দোলন, রেখা ও নীলি শীলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পাঁচজনকেই গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটিকে ফিরে পেয়ে দরিদ্র মায়ের চোখে ছিল খুশির অশ্রু। শিশুটিও মাকে দেখার পর তাঁর কোলে ঝাঁপিয়ে পড়ে। যতক্ষণ থানায় ছিল মায়ের বুকেই মুখ গুঁজে ছিল শিশুটি।