কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সাতটি থানা এলাকায় মেঘনা নদীতে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। গত ১৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ দিনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর এলাকায় অন্তত ১৭টি ট্রলারে ডাকাতির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৩৬ লাখ টাকার পণ্য লুট হয়েছে। আহত হয়েছে মাঝিসহ বেশ কয়েকজন যাত্রী। তবে একটি ঘটনায়ও মামলা হয়নি।ট্রলারের মাঝি, ভুক্তভোগী যাত্রী ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সরাইলের ডুবাজাল এলাকায় রহিম মাঝির ট্রলারে হানা দিয়ে প্রায় এক লাখ টাকার পণ্য লুট করে ডাকাতেরা। ৩ সেপ্টেম্বর দুপুরে বাজিতপুরের জলসীমা অতিক্রম করার সময় কাওসার মাঝির ট্রলারে ডাকাতি হয়। ডাকাতেরা প্রায় দেড় লাখ টাকার পণ্য লুট করে নিয়ে যায়। ২৮ আগস্ট সকালে পণ্য নিয়ে ভৈরব থেকে অষ্টগ্রামের আদমপুর যাওয়ার পথে পুতুল মাঝির ট্রলারটি সরাইলের ডুবাজাল এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতেরা প্রায় তিন লাখ টাকার পণ্য ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। ওই দিন দুপুরে নাসিরনগর এলাকায় সফিক মাঝির ট্রলারে হানা দিয়ে ডাকাতেরা ৪০ হাজার টাকা লুট করে। ২৫ আগস্ট সকালে ভৈরব-মিঠামইন পথের নাসিরনগরের রাজাপুর এলাকায় নুরুল ইসলাম মাঝির ট্রলারে ডাকাতি হয়। ডাকাতেরা আট লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ওইদিন সকালে সরাইল মোহনায় খোরশেদ মাঝির ট্রলার থেকে তিন লাখ টাকার মালামাল ডাকাতি হয়। নুরুল ইসলাম মাঝি বলেন, ‘ঘটনার দায় কোনো থানা নিতে চায় না বইল্লা আমি মামলা করতে পারি নাই।’ ভৈরবের অদূরে কুলিয়ারচরের সীমানায় ২৪ আগস্ট হুমায়ুন মাঝির একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়। ডাকাতেরা প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে। ২৩ আগস্ট সকালে নাসিরনগরের চাতালপাড় এলাকায় সততা নামের একটি ট্রলারে হামলা চালিয়ে এক লাখ টাকার মালামাল লুট করে ডাকাতেরা। ওই দিন সন্ধ্যায় সরাইল মোহনায় ডাকাতেরা তাহের মাঝির ট্রলারে হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার পণ্য নিয়ে যায়। রাত আটটার দিকে অষ্টগ্রাম এলাকায় আক্কাছ মাঝির ট্রলার থেকে ডাকাতেরা লুটে নেয় ২৮ হাজার টাকা। ২২ আগস্ট সরাইলের পানিস্বরে দয়াল নামের একটি ট্রলার থেকে এক লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়। পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ট্রলারের মাঝি রফিক মিয়া বলেন, ‘পুলিশ আসে ঠিকঅই, তবে ডাকাতির সময় না, নিরাপদে চইলা গেলে।’ ২১ আগস্ট সকালে বাজিতপুরের আইনালভোগ এলাকায় মহরম মাঝির ট্রলারে হানা দিয়ে ডাকাতেরা আড়াই লাখ টাকা লুট করে। মহরম মাঝি বলেন, ‘ডাকাতদের এহন আর সূর্য ডোবার অপেক্ষা করতে হয় না। সকাল থাইক্কা কাজ শুরু হইয়া যায়।’ একই দিন একই স্থানে কাসেম মাঝির ট্রলার থেকে ৪০ হাজার টাকা লুট করে ডাকাতেরা। ২০ আগস্ট ডাকাতেরা মিঠামইনে বিল্লাল মাঝির ট্রলার থেকে ৭০ হাজার টাকা ও ১০০ বস্তা ধান লুট এবং পাঁচ যাত্রীকে কুপিয়ে আহত করে। ১৯ আগস্ট অষ্টগ্রামের ইকুরদিয়া এলাকায় ফারুক মাঝির ট্রলার থেকে দুই লাখ টাকার মালামাল লুট হয়। ওই দিন মিঠামইনে নুরুল ইসলাম মাঝির ট্রলার থেকে আড়াই লাখ টাকার মাল লুট হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘কিছুদিন আগে ছয় ডাকাতকে ধরেছি। ডাকাতের সর্দার বোরহানকে ধরে কারাগারে পাঠালেও সে এখন জামিনে আছে। তাকে ধরতে পারলে কিছু একটা হবে।’ কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, নৌ-ডাকাতির বিষয়টি গুরুত্ব দিয়ে বাজিতপুর ও কুলিয়ারচরে নৌ-পুলিশের টহল বাড়ানো হয়েছে। নদীতে দায়িত্ব পালনে কীভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে আলোচনার জন্য ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা পুলিশের বৈঠকের আয়োজন করা হবে।