ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সরকারি খাদ্যগুদামের জন্য ১৪ মে গম ক্রয় কর্মসূচি উদ্বোধন করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত গম কেনা শুরু হয়নি। কবে হবে তারও ঠিক নেই।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বলছেন, কৃষি বিভাগের তালিকায় অনেক চাষির নাম বাদ পড়েছে। এ কারণে সংশোধন করে নতুন তালিকা তৈরি করা হচ্ছে।
তবে সাধারণ চাষিদের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বরাদ্দের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণেই বন্ধ রয়েছে গম ক্রয়।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সভায় প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়। ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি খাদ্যগুদামে চাষিদের কাছ থেকে সরাসরি গম কেনার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, হরিপুর উপজেলায় ১ হাজার ৭৬৩ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। পরে জেলা খাদ্যশস্য ক্রয় কমিটি সভা ডেকে উপজেলা কমিটিকে গম কেনার পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গম কেনার সিদ্ধান্তের পর উপজেলা ক্রয় কমিটির পক্ষ থেকে উপজেলার গমচাষিদের তালিকা করে কৃষি বিভাগকে জমা দিতে বলা হয়। কৃষি বিভাগ চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় ৮ হাজার গমচাষির নাম দিয়ে আংশিক তালিকা তৈরি করে জমা দেয়। খাদ্যমন্ত্রীর ঠাকুরগাঁও সফর উপলক্ষে উপজেলা ক্রয় কমিটি পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ১৪ মে কর্মসূচির উদ্বোধন করে। কিন্তু পরে তালিকা সংশোধনের অজুহাতে গম কেনা বন্ধ করে দেওয়া হয়।
উপজেলার জামুন গ্রামের গমচাষি আবদুল জব্বার বলেন, তালিকার জন্য গম কেনা বন্ধ আছে, এমনটি ঠিক নয়। এই উপজেলায় প্রতিবছর সরকারি গম কেনা নির্ভর করে ক্ষমতাসীন দলের মর্জির ওপর। দলের নেতারা-কর্মীরাই বরাদ্দ ভাগাভাগি করে নিয়ে কৃষকের নামে গুদামে গম বিক্রি করেন। এবার নেতাদের মধ্যে গমের বরাদ্দের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এ কারণেই গম ক্রয় অভিযান বন্ধ হয়ে গেছে।
ধীরগঞ্জ গ্রামের কৃষক রহমত আলী বলেন, ‘আমরা কৃষকেরা কখনোই সরকারি গুদামে গম বিক্রি করতে পারি নাই, এবারও পারব না। এবার ক্রয় কমিটি থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম বাদ দেওয়া হয়। এতেই গম ক্রয়ের অভিযানে জটিলতা সৃষ্টি হয়।’
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, কৃষি বিভাগের তালিকায় অনেক চাষির নাম বাদ পড়ায় তাঁদের আবারও নতুন করে তালিকা তৈরি করতে বলা হয়। সেই তালিকা এখনো শেষ হয়নি। তাই গম ক্রয় অভিযান আপাতত বন্ধ আছে।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নইমুল হুদা সরকার বলেন, অনেক আগেই চাষিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্রয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ইচ্ছা থাকলে চলতি মাসের প্রথম সপ্তাহেই গম কেনা শুরু করা যেত।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান বলেন, ‘আমরা খাদ্যশস্য ক্রয়ের নীতিমালা মেনে প্রকৃত চাষিদের কাছ থেকে গম ক্রয়ের কথা বলে আসছি। কিন্তু ক্রয় কমিটি কেন শুরু করতে পারছে না, তা বোধগম্য হচ্ছে না। আমরা চাই প্রকৃত চাষিরা সরকারি গুদামে গম বিক্রি করে লাভবান হোক। বরাদ্দের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব থাকলে নীতিমালা মেনে গম কেনার প্রসঙ্গ আসত না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা গম ক্রয় কমিটির সভাপতি এম জে আরিফ বেগ বলেন, প্রাথমিক তালিকায় নাম নেই এমন চাষিদের অভিযোগ পেয়ে কৃষি বিভাগের কাছে আবারও নতুন করে তালিকা চাওয়া হয়। সেই তালিকা সংক্ষিপ্ত করার কাজ চলছে। তা শেষ হলেই গম কেনা শুরু হবে।