১৭ দিনেও সেই ছাত্রলীগ নেতার সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ১৭ দিন পরও মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদাহ গ্রামের নিখোঁজ যুবক বদিউজ্জামান ওরফে বদির (৩১) সন্ধান মেলেনি। বদি গাংনী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।বদির সন্ধান ও এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে গতকাল বুধবার বিকেলে গাংনীর মালসাদাহ গ্রামের সহস্রাধিক নারী, পুরুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মী গাংনীতে মানববন্ধন করেন। একই দাবিতে এর আগে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বদিকে উদ্ধার করা না হলে তাঁরা কঠোর কর্মসূচি দেবেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনার জন্য ভেন্ডার ব্যবসায়ী আশরাফুল ইসলাম দায়ী। এখন পুলিশ ও র‌্যাব ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে। তাই থানায় মামলা হওয়ার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদী বদির ভাই রবিউল ইসলামের অভিযোগ, মামলার পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। এলাকাবাসীর অভিযোগ, বদি আশরাফুলের অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল গত ১৫ এপ্রিল তাঁর দেহরক্ষীদের দিয়ে বদিকে মারধর করেন। ২১ এপ্রিল আশরাফুল বদিকে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন। পরদিন সন্ধ্যায় আশরাফুল তাঁর ক্যাডার বাহিনী দিয়ে বদিকে কৌশলে অপহরণ করেন।বদির মা মছিরুন নেছা (৬৫) বলেন, ‘ছেলিকে আশরাফুল ডেকি নিই গুম করি দিইছে। পরদিন ছেলির প্রাণভিক্ষা চাইতি গেলি আশরাফুল বলে, তোরা জীবিত বদি তো দূরের কথা, তার লাশও পাবি না।’ আশরাফুল ইসলাম দাবি করেন, তিনি গাংনী পৌর আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক। তিনি অবৈধ কোনো ব্যবসা করেন না। নিখোঁজ বদি একজন সন্ত্রাসী। এমন সন্ত্রাসীকে তাঁর প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রশ্নই আসে না। তবে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, আশরাফুল দলের কেউ নন। তিনি জাল স্ট্যাম্প বিক্রি করে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, বদি কীভাবে নিখোঁজ হলেন, তা র‌্যাব তদন্ত করে দেখছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বদি নিখোঁজ, না আত্মগোপনে আছেন পুলিশ তা তদন্ত করছে।