বান্দরবানের লামায় একই পরিবারের তিনজনকে (বৃদ্ধ, নারী ও শিশু) নৃশংসভাবে হত্যার ১৭ দিন পরও পুলিশ গতকাল রোববার পর্যন্ত হত্যার উদ্দেশ্য (মোটিভ) উদ্ঘাটন করতে পারেনি। পুলিশ বলেছে, তাদের প্রাথমিক ধারণা, হঠাৎ পৈশাচিক প্রবৃত্তি জেগে ওঠার কারণে আবু মুসা তিনজনকে হত্যা করেছেন।মানবাধিকার কমিশন এবং জনসংহতি সমিতির নেতারা অভিযোগ করেছেন, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ ‘অযৌক্তিক’ কথাবার্তা বলছে। আবু মুসাকে উচ্চপর্যায়ে যৌথ সেলে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য বের হয়ে আসবে বলে তাঁরা মনে করেন।লামা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সীলেরতুয়া নাইক্ষ্যংঝিড়ি আগায় জুমঘরে গত ৩০ জুন আবু মুসা (২৬) দা দিয়ে কুপিয়ে বৃদ্ধ অংসাউ মারমা (৭০), তাঁর মেয়ে হ্লামেচিং মারমা (৩৬) ও পাঁচ বছরের নাতি মংচিনু মারমাকে হত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হ্লামেচিং মারমা কিশোরী মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় আবু মুসা তাদের হত্যা করেন। কিন্তু পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আবু মুসা তিনজনকে হত্যার কথা স্বীকার করলেও কিশোরীকে ধর্ষণের উদ্দেশ্যের কথা অস্বীকার করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও লামা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেছেন, তাঁরা আবু মুসাকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করলেও কী জন্য করেছেন, তা বলেননি। ইব্রাহিম খলিল বলেন, ‘মুসা বলেছে, “কী জন্য আমি হত্যা করেছি, আমি নিজেও তা জানি না। এখন আমার শাস্তি হওয়া উচিত।”’লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমজাদ হোসেন বলেছেন, ‘অপরাধবিজ্ঞান বলে, হঠাৎ কুপ্রবৃত্তি জেগে ওঠায় মানুষ বড় ধরনের অঘটন ঘটাতে পারে। পরে সে আর বলতে পারে না ঘটনা কী জন্য ঘটিয়েছে। আবু মুসাও সে রকম। হঠাৎ কুপ্রবৃত্তি জেগে ওঠায় তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন।’ তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই বলে আপাতত তাঁরা ধারণা করছেন।মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেছেন, প্রশাসন ও ক্ষমতাসীন দলের একটি মহল ঘটনার প্রকৃত উদ্দেশ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ জন্য পুলিশ যুক্তিহীন কথাবার্তা বলছে। তিনি অভিযোগ করেন, পুলিশ এখনো ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতি যাচাই করেনি। জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক ক্যবামং মারমা বলেছেন, পুলিশের বক্তব্য হাস্যকর ও অযৌক্তিক।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তদন্ত অব্যাহত আছে। নতুন কোনো সূত্র পেলে মুসাকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।