জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় ১৭ ধাপ পিছিয়েছে। তবে মানব উন্নয়ন পরিস্থিতিতে অগ্রগতির ধারা অব্যাহত আছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি গতকাল বুধবার মানব উন্নয়ন সূচক-২০১১ প্রকাশ করেছে। নতুন এই সূচকে দশমিক ৫ স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১৪৬। গত বছর দশমিক ৪৯৬ স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯। চলতি বছরের সূচকে গত বছরের চেয়ে ২০টি দেশ নতুন যুক্ত হওয়ায় বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। জাতিসংঘের চলতি বছরের প্রতিবেদনে মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ধারা অব্যাহত আছে বলে দেখানো হয়েছে। গত বছর বাংলাদেশের মোট ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ১৯৮১ সালের তুলনায় ৮১ শতাংশ জীবনযাত্রার মান বেড়েছে। গতকাল ইউএনডিপি ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করে। তবে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটির ফলাফল তুলে ধরবে ইউএনডিপি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ১৭২ ও নেপাল ১৫৭ অবস্থান নিয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। পাকিস্তান ১৪৫, ভুটান ১৪১ ও ভারত ১৩৪ নম্বরে রয়েছে। ১০৯ অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ সবচেয়ে ভালো অবস্থানে আছে। মানব উন্নয়ন সূচকে দশমিক ৯৪৩ স্কোর পেয়ে সবচেয়ে ভালো অবস্থানে থাকা দেশটি হচ্ছে নরওয়ে। দশমিক ৯২৯ স্কোর পেয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ও দশমিক ৯১০ স্কোর পেয়ে নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। নিচের দিক থেকে অর্থাৎ ১৮৭তম অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এর ওপর আছে নাইজার ও বুরুন্ডি। চলতি বছরের প্রতিবেদনে বাংলাদেশের মানুষের গড় আয়ু দেখানো হয়েছে ৬৮ দশমিক ৯ বছর। বাজেটের ২ দশমিক ৪ শতাংশ শিক্ষা খাতে ও ১ দশমিক ১ শতাংশ জনস্বাস্থ্যে ব্যয় হয়। চলতি বছরের মানব উন্নয়ন সূচকের প্রতিবেদনের ভূমিকায় ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশে নতুন করে মানব উন্নয়নের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেই সব দেশগুলোর দারিদ্র্য বিমোচন আরও কঠিন হয়ে যাবে। চলতি বছরের প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে, টেকসই ও সমতার ভিত্তিতে উন্নতি। মূলত পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণে মানব উন্নয়নে কোন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, তা ওই প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে। প্রতিবেদনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কম থাকলেও দারিদ্র্র্য, পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।