১৭ নাগরিকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ ও আচরণে বিস্ময় প্রকাশ করেছেন।
গত ২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রের মৃত্যু হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ক্যাম্পাসে ওই দুই ছাত্রের জানাজার আয়োজন করতে দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে তাঁরা গভীরভাবে মর্মাহত উল্লেখ করে বলেন, আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের শোকবিহ্বল শিক্ষার্থীরা যখন নিয়মিত দুর্ঘটনা এবং মৃত্যুর প্রতিকার চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, তখন তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ সমবেত শিক্ষার্থীদের ওপর খুব কাছ থেকে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত আট-দশজন শিক্ষার্থী আহত হন। সংক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পুলিশি হামলার ব্যাখ্যা চাইতে উপাচার্যের বাসভবনে সমবেত হন। কিন্তু উপাচার্য শিক্ষার্থীদের সাক্ষাৎ দেননি। ছয় ঘণ্টার বেশি সময় উপাচার্যের সাক্ষাতের আশায় বসে থাকা ৪২ জন শিক্ষার্থীকে গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করে এবং ৪৫ জনের বিরুদ্ধে মামলা দেয়।
বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এহেন অবিবেচনাপ্রসূত আচরণে যারপরনাই বিস্মিত হয়েছি।
তঁারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেবে।
বিবৃতিতে সই করেছেন এবং সংহতি জানিয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. হামিদা হোসেন, সৈয়দ আবুল মকসুদ, হাসান আজিজুল হক, সুলতানা কামাল, অধ্যাপক আহমেদ কামাল, খুশী কবির, অধ্যাপক স্বপন আদনান, শিরীন হক, শহীদুল আলম, জ্যোতির্ময় বড়ুয়া, অধ্যাপক ফাহমিদুল হক, অধ্যাপক সামিনা লুৎফা, হাসনাত কাইয়ুম, অরূপ রাহী, অধ্যাপক তানজিমউদ্দীন আহমেদ, মোশাহিদা সুলতানা।