রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিলিং ফ্যানগুলো দীর্ঘ দুই বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। রোগী ও তাদের লোকজন অভিযোগ করলেও ফ্যানগুলো সচল করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রচণ্ড গরমে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গিয়ে রোগীদের গরমে ছটফট করতে দেখা যায়। ৫০ শয্যার হাসপাতালের তিনটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে দুর্ভোগের চিত্র। বিদ্যুৎ থাকলেও রোগীরা হাতপাখা দিয়ে বাতাস নিচ্ছেন।
হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নয়টি সিলিং ফ্যানের মধ্যে সাতটি অচল। এই ওয়ার্ডের রোগী কেফাতুল্যা বলেন, তিনি তিন দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছেন। গরমে খুব কষ্ট করতে হচ্ছে।
১ নম্বর নারী ওয়ার্ডের ছয়টি সিলিং ফ্যানের মধ্যে মাত্র একটি সচল রয়েছে। ২ নম্বর ওয়ার্ডের আটটির মধ্যে সচল রয়েছে চারটি। অবশিষ্ট চারটি নষ্ট দুই বছর ধরে। নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রোজিলা খাতুন বলেন, ভ্যাপসা গরমে থাকা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে হাতপাখা দিয়ে তাঁর মা তাঁকে বাতাস করছেন।
পুরুষ ওয়ার্ডের রোগী মধুপুর গ্রামের মনির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি হাসপাতালে এসে আরও রোগী হয়ে গেছি। ফ্যান থাকলেও তা ঘোরে না। অসুস্থ থাকায় পাখাও ঘুরাতে পারছি না। গরমে কষ্ট করতে হচ্ছে।’
হাসপাতালের তিনটি ওয়ার্ডের মোট ২৩টি ফ্যানের মধ্যে মাত্র ছয়টি সচল রয়েছে। অবশিষ্ট ১৭টি পাখা ঘোরে না। সেগুলো দুই বছর ধরে অকেজো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বশীল তিন ব্যক্তি জানান, দুই বছর ধরে হাসপাতালের বেশির ভাগ ফ্যানই অকেজো। এগুলো সচল করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ২০১০ সালে ৩১ শয্যার হাসপাতালের নতুন করে ১৯ শয্যা বাড়ানো হয়। ২০১২ সালের ১২ জানুয়ারি নতুন ১৯ শয্যার হাসপাতাল চালুর সময় সেখানে নয়টি ফ্যান ঝোলানো হয়। তবে তার মধ্যে সাতটিই এক বছরের মধ্যে অকেজো হয়ে পড়েছে। অকেজো সিলিং ফ্যানগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন কর্মকর্তা বলেন, সামান্য টাকা ব্যয় করলেই ফ্যানগুলো ঠিক করা যাবে। অথচ কর্তৃপক্ষের অবহেলায় সেগুলো ঠিক করা হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল কবীর জানান, সেগুলো সচল করার জন্য কোনো তহবিল নেই। তবে অন্যভাবে নতুন ফ্যান সংগ্রহের চেষ্টা চলছে।