নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা নজরুল ইসলামকে (২৪) হত্যাচেষ্টার অভিযোগে তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে। নজরুলের বাবা আবুল কাশেম গতকাল মঙ্গলবার নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে পুলিশি ‘হেফাজতে নির্যাতন এবং মৃত্যু (নিবারণ) আইনে’ মামলাটি দায়ের করেন। নজরুল সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বর্তমান সভাপতি।
আদালত বাদী আবুল কাশেমের জবানবন্দি গ্রহণের পর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দেন।
মামলার এজাহারে সোনাইমুড়ী থানার বর্তমান ওসি আশরাফ উল ইসলাম, সাবেক ওসি আবদুস সামাদ, এসআই ইকবাল বাহার চৌধুরী, চট্টগ্রাম বন্দর থানার ওসি জাহিদুর রহমান ও এসআই মো. আসাদের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া উভয় থানার অজ্ঞাত আরও ১২ সিপাহিকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন, তাঁর ছেলে নজরুল ইসলামকে যুবলীগ নেতা আরিফ হোসেন হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্দর থানার সিমেন হোস্টেল রোড এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেন সোনাইমুড়ী থানার এসআই ইকবাল বাহার চৌধুরী। রাতেই তাঁকে থানায় এনে ওই হত্যা মামলায় জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা করেন তিনি। তাতে ব্যর্থ হয়ে নোয়াখালী জেলা জজ আদালতের সামনের শহীদ মিনারের পেছনে নিয়ে নজরুলের বাঁ পায়ে একাধিক গুলি করে হত্যার চেষ্টা করেন। পরে পুলিশ নজরুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ফেলে চলে যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনিসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত সত্য হলো, গুলিবিদ্ধ নজরুল সোনাইমুড়ী থানার চার নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। গ্রেপ্তারের আগ পর্যন্ত তাঁর বিরুদ্ধে থানায় একটি হত্যা, একটি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে নয়টি মামলা ছিল।