১৭ পোশাকশ্রমিককে অব্যাহতির প্রতিবাদে সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর গাজীপুরায় অবস্থিত স্যাটার্ন টেক্সটাইলস লিমিটেডের ১৭ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে কারখানার অন্য শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন কর্মচারী ও কর্মকর্তা আহত হয়েছেন। বড় ধরনের নাশকতা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানায় সাময়িক ছুটি দেওয়া হয়েছে। কারখানা মালিক ও গাজীপুর শিল্প পুলিশের ভাষ্যমতে, ২০ মে কারখানার চতুর্থ তলায় শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হলে স্বনিয়ন্ত্রিত পদ্ধতিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে থাকার পরও কয়েকজন শ্রমিক ৩৫টি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন। এতে কারখানা গ্যাস চেম্বারে পরিণত হয়। উদ্ভূত পরিস্থিতিতে কারখানার অন্য শ্রমিকেরা দৌড়ে বের হয়ে যান। এ ঘটনায় কারখানার মালিকপক্ষ মো. শফিক, মো. বাসেত, মো. বাচ্চু, মো. মিজন, নাহার, লতিফসহ ১৭ জন শ্রমিককে শ্রম আইনের ২৬ ধারা মোতাবেক অগ্রিম চার মাসের ও চলতি মাসের ২০ দিনের বেতন দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক এই অভিযোগ অস্বীকার করে বলেন, আগুন নেভাতেই তাঁরা গ্যাস ব্যবহার করেছেন। তাঁরা আরও জানান, গতকাল বুধবার সকাল নয়টায় কারখানার মালিকপক্ষ গত রোববারের কাজ শুক্রবার ২৫ মে করার নির্দেশ দেয়। এতে শ্রমিকেরা অসম্মতি জানালে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন নারীশ্রমিক ও মালিকপক্ষের উৎপাদন ব্যবস্থাপক মো. ফেরদৌস ও টেকনিক্যাল ম্যানেজার মো. তারেক গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার বাইরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নেন। কারখানার প্রধান হিসাব ব্যবস্থাপক মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু শ্রমিক নামধারী সুযোগসন্ধানী কারখানায় নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। পরিবেশ শান্ত রাখতে সাময়িকভাবে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। একইভাবে গত ৭ মার্চ সামান্য ঘটনায় বড় ধরনের নাশকতা সৃষ্টি করা হয়েছিল। তিনি আরও জানান, বিজিএমইএর প্রতিনিধি, গাজীপুর শিল্প পুলিশের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে মালিকপক্ষ সরকারি বিধি মোতাবেক শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. মুনিবর রহমান বলেন, শ্রম আইনের ২৬ ধারা মোতাবেক মালিকপক্ষ কোনো কারণ ছাড়াই একজন শ্রমিককে উল্লিখিত সুযোগ-সুবিধা দিয়ে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।