১৭ প্রকল্প সভাপতির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুরে কাজ না করে টিআরের গম আত্মসাতের অভিযোগে ১৭টি প্রকল্পের সভাপতিদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়েছে। প্রকল্পের সভাপতিদের সবাই আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মী।চলতি সেপ্টেম্বর মাসজুড়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ মামলাগুলো করেন। কাজ না করা এবং ভুয়া প্রকল্প তৈরির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলায় সরকারিভাবে প্রায় ২১৬ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়, যার অধীনে উপজেলার বিভিন্ন এলাকায় ১৪৯টি প্রকল্প গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকল্পগুলোর সভাপতি নির্বাচন করেন।অভিযোগ উঠেছে, প্রকল্পের বরাদ্দদাতারা অনৈতিক সুবিধা নিয়ে দলীয় নেতা-কর্মীদের প্রকল্প দিয়েছেন। বরাদ্দ পাওয়া অনেক প্রকল্প বা প্রতিষ্ঠানের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এ ব্যাপারে এলাকার লোকজন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং নিয়মানুযায়ী মামলা করেন।নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রকল্পগুলো পরিদর্শনকালে ইউএনও এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমন ২০টি প্রকল্পের সন্ধান পান, যেখানে কোনো কাজই করা হয়নি। কিছু প্রকল্প বা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাননি তিনি। এ ছাড়া অধিকাংশ প্রকল্পের কাজ হয়েছে আংশিক বা নামমাত্র। প্রকল্পগুলোতে এক থেকে দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। তদন্তের পর নিয়মানুযায়ী ইউএনও প্রকল্পের সভাপতিদের কারণ দর্শাও নোটিশ দেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ বলেন, ওই নোটিশ জারির পর অভিযুক্ত তিন প্রকল্পের সভাপতিরা তাঁদের প্রকল্পে বরাদ্দ করা এক মেট্রিক টন গমের দ্বিগুণ অর্থ অর্থাৎ ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন। তাই এই তিনজনকে বাদ দিয়ে বাকি ১৭ প্রকল্পের সভাপতিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।চণ্ডীবর ঈদগাহ মাঠে মাটি ভরাট প্রকল্পের সভাপতি মো. ফজলুল হক সরকারি কোষাগারে জরিমানার টাকা জমা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এমন হবে, বুঝতে পারিনি। আমার মতো কেউই তো কাজ করেনি।’শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি বলেন, ‘টিআরের বরাদ্দ উপজেলা পরিষদে এলেও প্রকল্পের তালিকা পাঠায় ইউপি। আর ডিও দেন ইউএনও। এ ক্ষেত্রে যদি কোনো প্রকল্পের সভাপতি টাকাপয়সা দিয়ে থাকেন, তা ইউএনওই ভালো জানবেন।’তবে শ্রীপুরের ইউএনও মিনা মাসুদ উজ্জামান প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের বরাদ্দ তালিকার ওপর আমরা ডিও দিই। বরাদ্দ দেওয়ার সব ক্ষমতা তাঁর হাতে। আমি শুধু দাপ্তরিক কাজ করি। অভিযোগ পেয়ে কিছু প্রকল্প পরিদর্শন করে দেখেছি, কোনো কাজ হয়নি। তাই তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।’