
প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব-২০১৭ কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে কেরানীগঞ্জের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
গতকাল শনিবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়। প্রথম আলোর বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম উৎসবের উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে হাতে ছিল জাতীয় পতাকা।
অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, যুক্তির শক্তিই বড় শক্তি। নতুন প্রজন্মকে যুক্তিপূর্ণ ও সহনীয় হতে হবে। যুক্তির মাধ্যমে দেশ এগিয়ে যেতে পারে। এ জন্যই প্রথম আলো বিতর্ক উৎসবের আয়োজন করছে।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমাদের সংগীত, সংস্কৃতি ও যুক্তির চর্চা করতে হবে। নতুন প্রজন্মকে যুক্তির মাধ্যমে এগিয়ে যেতে হবে।’
জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বলেন, ‘প্রথম আলো বিতর্ক উৎসব আয়োজন করায় আমাদের শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। তারা যুক্তিতর্কের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার অনুশীলন করতে পারছে।’ তিনি এই উদ্যোগের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘পরিবেশ রক্ষায় জনগণের ভূমিকাই মুখ্য’। এতে হাসনাবাদ কামুচান শাহ্ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে এবং চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপক্ষে যুক্তি তুলে ধরে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে হাসনাবাদ কামুচান শাহ্ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে দলনেতা সুফিয়া আক্তার।
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে তালেপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী কামরুন্নাহার কণা। দ্বিতীয় হয়েছে সোনাকান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিলি আক্তার। তৃতীয় হয়েছে সিলভ্যান স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া বেগম। বিজয়ীদের পদক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জিনজিরা পীর মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাকুর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাক হোসেন, প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভা নির্বাহী কমিটির সভাপতি হাসান মাহমুদ।
অংশগ্রহণকারী ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরই সনদ দেওয়া হয়েছে। বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হাসনাবাদ কামুচান শাহ্ উচ্চবিদ্যালয়, জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, শুভাঢ্যা উচ্চবিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়, নূর মোহাম্মদ নুরু মিয়া উচ্চবিদ্যালয়, কলাতিয়া উচ্চবিদ্যালয়, তালেপুর আদর্শ উচ্চবিদ্যালয়, আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়, কবি নজরুল উচ্চবিদ্যালয়, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলভ্যান স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ, পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চবিদ্যালয়, রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চবিদ্যালয়, সোনাকান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়।