১৭ প্রার্থীর প্রচারে দেড় শ মাইক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ১৭ জন প্রার্থীর প্রচারে দেড় শতাধিক মাইক ব্যবহার করা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত এসব মাইকে উচ্চ শব্দে চলছে প্রচার-প্রচারণা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন পাবনা শহর ও সদর উপজেলাবাসী।
জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থী প্রতিদিন একই সঙ্গে পথসভার জন্য একটি ও প্রচারের জন্য একটি মোট দুটি মাইক ব্যবহার করতে পারবেন। কেউ এর বেশি ব্যবহার করলে আচরণবিধি লঙ্ঘিত হবে। এ প্রসঙ্গে চিকিৎসক রাম দুলাল ভৌমিক বলেন, উচ্চ শব্দে মাইক বাজালে শব্দদূষণ হয়। এতে অনিদ্রা, অস্থিরতা ও ঘুমের ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এ ছাড়া হূদেরাগীদের অস্থিরতা বৃদ্ধি ও উচ্চ রক্তচাপ বৃদ্ধিসহ অনেক ধরনের সমস্যা হতে পারে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে নয় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৩১ মার্চ ভোট গ্রহণ হবে।
জেলা শহরের তিনটি বড় মাইক সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ মার্চ প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্রত্যেক প্রার্থী প্রচারের জন্য প্রতিদিন ৮-১০টি করে মাইক ভাড়া নিচ্ছেন। গড়ে নয়টি করে ব্যবহার করলে ১৭ জন প্রার্থী দেড় শতাধিক মাইক ব্যবহার করছেন প্রতিদিন। সকাল থেকেই প্রার্থীর লোকজন ভিড় জমাচ্ছেন মাইক সরবরাহকারী প্রতিষ্ঠানে। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর দুটি করে হর্ন বেঁধে চলছে প্রচারণা। নাম প্রকাশ না করার শর্তে শহরের এক মাইক সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক জানান, শুধু তাঁর প্রতিষ্ঠান থেকেই প্রতিদিন ৭০-৮০টি মাইকসেট ভাড়া যাচ্ছে। প্রতি সেটে দুটি হর্ন ও একটি এমপ্লিফায়ার মিলিয়ে তিনি ভাড়া পাচ্ছেন সাত থেকে আট শ টাকা।
শহরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উচ্চ শব্দে চলছে প্রার্থীদের প্রচারণা। এতে চলমান এসএসসি ও আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা পড়ালেখায় মনযোগ দিতে পারছে না। প্রচারকাজে নিয়োজিত ব্যক্তিরা হাসপাতাল, স্কুল-কলেজ—কোনো এলাকাতেই মাইকের শব্দ কমাচ্ছেন না।
জেলা শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা রাসেল রহমান অভিযোগ করেন, ৮-১০ দিন ধরে এই মাইক-যন্ত্রণা শুরু হয়েছে। এক প্রার্থীর মাইক যেতে না যেতেই আরেক প্রার্থীর মাইক এসে হাজির হচ্ছে। জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দুটির বেশি মাইক ব্যবহার করছি না। আমার সমর্থক কেউ হয়তো স্ব-উদ্যোগে প্রচারণা চালাচ্ছেন।’ বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ উন নবী দাবি করেছেন, তাঁরা আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেঞ্জামিন রিয়াজী বলেন, ‘কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহার করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।’