১৭ বছর আইনি লড়াইয়ের পর জমি পেল এক কৃষক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের ডিক্রি করা দুই একর সাড়ে ১৬ শতাংশ সম্পত্তির দখল বুঝে পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকার কৃষক হাসেন আলী ও শামসুল হক গং। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাজীপুরের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে দখল বুঝিয়ে দেন গাজীপুরের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত নাজির খালেদ মোশারফ। ১৭ বছর আইনি লড়াইয়ের পর কৃষক গং সম্পত্তির দখল বুঝে পেলেন।কৃষক মো. শামসুল হক জানান, ১৯৯৪ সালে তিনি গাজীপুরের সাব-জজ আদালতে একটি বাটোয়ারা মামলা (১৭/৯৪) করেন। ওই মামলা ১৯৯৭ সালে আদালত ডিসমিস করে দেন। পরে তিনি একই বছর হাইকোর্টে আরেকটি মামলা (এফএ ২৪৯/৯৭) করেন। ওই মামলায় ২০১০ সালে তিনি চূড়ান্ত ডিক্রি পান। প্রত্যেকটি রায়ের বিপক্ষে একই গ্রামের বিবাদীপক্ষ সফিকুল ইসলাম গং আপিল করেন। সর্বশেষ সুপ্রিম কোর্ট আপিলগুলো ডিসমিস করে দেন। গাজীপুরের প্রথম যুগ্ম জেলা জজ আদালত পরে উচ্চ আদালতের ডিক্রি বাস্তবায়ন করেন। কৃষক শামসুল হক জানান, তিনি আদালতের রায়ে সন্তুষ্ট। নিজে সৎ থেকে আইনের প্রতি অবিচল আস্থা থাকলে আইন সত্য কথা বলবেই। গাজীপুরের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত নাজির খালেদ মোশারফ জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত পুলিশ নিয়ে আদালতের নির্দেশে ডিক্রি জারি বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিক্রিপ্রাপ্তদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় ডিক্রি করা জায়গার ওপর যেসব স্থাপনা ছিল, সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এ সময় ওই জায়গার ওপর দীর্ঘদিন ব্যবসা করে আসা ব্যবসায়ীরা জানান, তাঁদের না জানিয়েই দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে তাঁরা বিপুল আর্থিক ক্ষতির শিকার হন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জমান বলেন, উচ্ছেদের পাঁচ-সাত দিন আগেই তাঁদের জানানো হয়েছে।