১৭ বছর আগের ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কিশোরী রোকসানা আক্তার অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুমের মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে লাশ গুমের দায়ে আর্থিক জরিমানাও করা হয়েছে। মামলার মূল আসামি ছাড়া বাকিরা পলাতক।

বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের গতকাল বুধবার দুপুরে মূল আসামি স্বপন কুমার হাওলাদারের উপস্থিতিতে ওই রায় দেন।

২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি রাত ১০টার পর বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামে নানার বাড়িতে অন্যদের সঙ্গে ভিসিআর দেখছিল রোকসানা। এ সময় স্বপন হাওলাদার তাকে ডেকে বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে নিয়ে স্বপন এবং তাঁর দুই সহযোগী সমীর ও গৌরাঙ্গ তাকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে রোকসানাকে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। এরপর তার লাশ পাশের অতুল হালদারের বাড়ির শৌচাগারের ট্যাংকে ফেলে দেন।

এ ঘটনায় একই বছরের ৬ মার্চ রোকসানার বড় ভাই লালন ফকির বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে থানায় একটি মামলা করেন। ২০০৩ সালের ২৬ জানুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার এসআই আব্দুল হাকিম। ২৫ জনের মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত ওই রায় দেন।

রায়ে অপহরণের দায়ে স্বপন হাওলাদারকে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, হত্যার অপরাধে স্বপন হাওলাদার, সমীর হাওলাদার ও গৌরাঙ্গ বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। লাশ গুম করার অপরাধে তিন আসামির প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁরা হলেন স্বপনের বাবা রফিকউদ্দিন হাওলাদার, রফিকের ভাই মোকসেদ হাওলাদার এবং স্থানীয় বাসিন্দা সফিজউদ্দিন।