১৭ বছর পর আজ থেকে ট্রেন চলাচল শুরু
দীর্ঘ ১৭ বছর পর রাজবাড়ী-ফরিদপুর রেললাইনে আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।
আজ বিকেল চারটায় ফরিদপুরে এর উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ফরিদপুরে উদ্বোধন হওয়ার প্রতিবাদে রাজবাড়ীতে আজ হরতাল ডেকেছিল জাসদ। কিন্তু উদ্বোধন উপলক্ষে রাজবাড়ীতে আজ সকালে ‘শুভ সন্ধিক্ষণ’ অনুষ্ঠানের আয়োজন করা হলে তা প্রত্যাহার করা হয়।
উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল আটটায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে। ট্রেনটি পাঁচুরিয়া, খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ ও অম্বিকাপুর হয়ে ফরিদপুর পৌঁছাবে আটটা ৫০ মিনিটে। একইভাবে ফরিদপুর থেকে নয়টা ২০ মিনিটে রাজবাড়ীর উদ্দেশে আবার ছেড়ে আসবে। কিন্তু তিনটি স্টেশন চালু না হওয়ায় যাত্রীরা এখন রাজবাড়ী ও ফরিদপুর রেলস্টেশন ছাড়া শুধু পাঁচুরিয়া ও আমিরাবাদ থেকে ওঠানামা করতে পারবে।
বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ১৮৭১ সাল থেকে রাজবাড়ীতে ট্রেন চলাচল শুরু হয়। রাজবাড়ী-ফরিদপুর রেললাইন ১৯৯৫ সালে পরিত্যক্ত হয়। ১৯৯৭ সালে লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। ২০১০ সালে রেললাইন পুনর্বাসন ও নির্মাণ প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাঁচুরিয়া থেকে ফরিদপুর রেলস্টেশন পর্যন্ত ৩০ কিলোমিটার রেলপথের কাজ শুরু হয়। এতে ব্যয় হয় ৯০ কোটি টাকা। ৭ আগস্ট পরীক্ষামূলকভাবে এক দিনের জন্য ট্রেনটি চলাচল করে। রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী এ এফ এম মাসুদুর রহমান জানান, জনবল না থাকায় সবগুলো রেলস্টেশন চালু করা সম্ভব হচ্ছে না।