১৭ বছর পর এনসিটির জন্য যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু
প্রায় ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর জন্য যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার পাঁচটি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়ের দরপত্র জমা দেয়।
বন্দর সূত্র জানায়, টার্মিনালের জন্য ৬১টি যন্ত্র কেনা হবে। প্রথম ধাপে প্রায় ৮৭ কোটি টাকায় ‘আরটিজি’ (একধরনের ক্রেন) নামের যন্ত্র কেনা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর পর্ষদের সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, প্রথম ধাপে ছয়টি যন্ত্র কেনা হবে। পর্যায়ক্রমে প্রায় ১ হাজার ২২৯ কোটি টাকার নতুন যন্ত্র কেনা হবে। এসব যন্ত্র বন্দরে যুক্ত হলে কনটেইনার ওঠানো-নামানোর সক্ষমতা আরও বাড়বে।
বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল ‘নিউমুরিং কনটেইনার টার্মিনাল’। পাঁচ জেটির এই টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা বন্দরের অন্য সব টার্মিনালের চেয়ে বেশি। কিন্তু সনাতন যন্ত্রপাতি দিয়ে এটি পরিচালনা করায় পুরো ক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না।
বন্দর সূত্র জানায়, ১৯৯৯ সালের ১২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বন্দরের অর্থায়নে যন্ত্রপাতিসহ নিউমুরিং টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়। পরে সিদ্ধান্ত হয়, টার্মিনাল নির্মাণ করবে বন্দর আর যন্ত্রপাতি কিনবেন টার্মিনাল পরিচালনাকারী ঠিকাদার। এ সিদ্ধান্ত অনুযায়ী যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দেশীয় প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগ দিতে এই দরপত্র বাতিল করা হয়। দেশীয় প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে নতুন করে দরপত্র আহ্বান করা হলেও তা আইনি জটিলতায় বাতিল করা হয়।
বন্দর সূত্র জানায়, ২০১৩ সালে বন্দর নিজস্ব অর্থায়নে যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু করে। এ জন্য আবারও দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এই দরপত্রও স্থগিত করা হয়। এরপর জি টু জি (সরকারের সঙ্গে সরকার) পদ্ধতি অনুসরণ করে চীনের ঋণের আওতায় ৩০টি যন্ত্রপাতি কেনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এটিও আবার বাতিল করা হয়।