১৭ বছর পর ঝালকাঠি বিএনপির সম্মেলন, এক পক্ষের বর্জন
আহ্বায়ক টি আহম্মেদ পক্ষের বর্জনের মধ্য দিয়ে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি জেলা বিএনপির সম্মেলন। শহরের একটি কমিউনিটি সেন্টারে যুগ্ম আহ্বায়ক মো. হানিফ খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবুর রহমান সভাপতি হিসেবে শাহজাহান ওমরের এবং সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শহজাহান ওমর। সাত দিনের মধ্যে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।অন্যান্যের মধ্যে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম, সাংসদ মেজবাহ উদ্দিন, এ বি এম মোশারফ হোসেন, বিলকিস আক্তার, মাহাবুবুল হক, জেবা আহম্মেদ, মনিরুল ইসলাম, মেহেদী হাসান, আবুল কালাম আজাদ, খন্দকার অহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, এনামুল হক, সেলিম গাজী প্রমুখ।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ২০০২ সালে সার্কিট হাউসে ঘরোয়াভাবে একটি কমিটি গঠন করা হয়। সম্মেলন বর্জনকারীদের পক্ষে আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব আলম খান বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত ছাড়াই একতরফাভাবে কথিত সম্মেলন করা হয়েছে।সম্মেলনকে অবৈধ ও গঠনতন্ত্রবিরোধী উল্লেখ করে শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক টি আহম্মেদের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝালকাঠি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটির সদস্য নাসিমুল হাসান। সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়ককে না জানিয়ে এবং আহ্বায়ক কমিটির কোনো সভা না ডেকে এ সম্মেলন করা হয়েছে। সম্মেলন সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির ছয়জন সদস্য।এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি শাহজাহান ওমর বলেন, ‘আমি কেন্দ্রীয় রাজনীতি করি। জেলার সভাপতি হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কাউন্সিলরদের অনুরোধে আমাকে এ দায়িত্ব নিতে হয়েছে। দু-চারজন যাঁরা সম্মেলনের বিরোধিতা করছেন, তাঁরা সরকারি দলের স্বার্থ রক্ষা করছেন।’উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে উপজেলা ও পৌর কমিটি গঠন নিয়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের ছোঁয়া লাগে তৃণমূল নেতাদের মধ্যেও। চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর যুগ্ম আহ্বায়কদের পক্ষে অবস্থান নেন।