সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৭ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া এ নামফলক উন্মোচন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সিন্ডিকেট সদস্য মো. কবির হোসেন ও সাবিনা ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ এস এম হাসান জাকিরুল ইসলাম, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক নিয়াজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেটের প্রতিনিধিদল আচার্যের কাছে বিভিন্ন হল ও ভবনের নামকরণের ক্ষেত্রে আগে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করার বিষয়ে জানালে তিনি ‘দ্বিতীয় ছাত্র হল’-এর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বহালের সম্মতি দেন। অন্যান্য হল ও ভবনের নামকরণের ব্যাপারে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন আচার্য।