১৭ বছর পর বিচার শুরু, মূল নথি গায়েব
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে প্রায় ১৭ বছর আগে সন্ত্রাসী হামলায় আহত এক যুবক ছয় দিন পর মারা যান। চলতি বছরের আগস্টের তৃতীয় সপ্তাহে নিষ্পত্তির জন্য মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত ট্রাইব্যুনালে আসে। কিন্তু মামলার কিছু নথিপত্র গায়েব হয়ে যাওয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যাচ্ছে না। শুনানির জন্য পর পর ১১ দফা দিন ধার্য করেও আবার পেছাতে হয়েছে। আজ বুধবার আবার শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, এই মামলার মৃত ব্যক্তির সুরতহাল, লাশ চালান ও ময়নাতদন্তের মূল প্রতিবেদন, সাক্ষীদের ১৬১ ধারার মূল জবানবন্দি ও ঘটনাস্থলের মানচিত্রসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া যাচ্ছে না। তবে এগুলোর ফটোকপি আছে। মূল নথি না থাকায় ১১ দফা শুনানির দিন ধার্য করেও আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন যায়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘কিছু নথিপত্রের অভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্ভব হয়নি। সংশ্লিষ্ট থানা থেকে আমরা কাগজপত্র সংগ্রহ করছি। তবে কিছু নথির মূল কাগজ নয়, ফটোকপি পাওয়া গেছে। তবে এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বা বিচার কাজ ব্যাহত হবে না।’আসামির কৌঁসুলি কামরুল ইসলাম প্রশ্ন তোলেন, গায়েব হওয়া নথির ফটোকপির ভিত্তিতে কীভাবে বিচারকাজ শুরু হবে? একটি হত্যাকাণ্ডের ১৭ বছর পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষ্য নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শুনানির দিন ধার্য করেও নথিপত্রের অভাবে অভিযোগ গঠন করা সম্ভব হচ্ছে না। আদালত সূত্র জানায়, ১৯৯৩ সালের ৩০ আগস্ট সন্ত্রাসী হামলায় আবদুল্লাহ আবু সাঈদ নামের এক যুবক গুরুতর আহত হন। ওই দিন তিনি কয়েকজনকে আসামি করে মামলা করেন। হামলার ছয় দিন পর ৬ সেপ্টেম্বর তিনি মারা যান। পরে ১৯৯৪ সালের ৮ জানুয়ারি নয়জন আসামির বিরুদ্ধে পাঁচলাইশ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জানা গেছে, অভিযোগপত্রে ইসমাইল, শ্যামল দাশ, ধীমান পাল, শেখ শহীদুল ইসলাম, মো. এরশাদ, আনিস, শাহ নূর, মো. কামাল ও তারেক মইনুল—এই নয়জনকে আসামি করা হয়। পরে আবার এই মামলায় অধিকতর তদন্ত করা হয়। তদন্ত কর্মকর্তা ছিলেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) দীপক দেওয়ান। ওই তদন্তের পর সম্পূরক অভিযোগপত্র দিতে লেগে যায় ১৪ বছর। পুরোনো নয়জন আসামির সঙ্গে আবু তাহের খান নামে আরেকজনকে আসামি করে ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত সূত্র জানায়, দ্বিতীয় দফা অধিকতর তদন্তের পর সম্পূরক অভিযোগপত্রের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সম্পূরক অভিযোগপত্রেই বলা হয়, ‘বাদীকে জানানো হয়েছে।’ পরের বাক্যেই বলা হয়, ‘বাদীর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।’সম্পূরক অভিযোগপত্রের গোঁজামিল বক্তব্য সম্পর্কে পিপি আইয়ুব খান বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। ছোটখাটো এসব ত্রুটির কারণে মামলার কোনো ক্ষতি হবে না।’আসামির কৌঁসুলি কামরুল ইসলাম বলেন, ‘কী কারণে অধিকতর তদন্ত হয়েছে, তা মামলার নথিপত্রে উল্লেখ নেই। এ ছাড়া মামলার বাদীকে অধিকতর তদন্ত সম্পর্কে জানানো হয়েছে বলে তদন্ত কর্মকর্তা যা লিখেছেন, তা হাস্যকর। কারণ মামলা করার ছয় দিন পর বাদীর মৃত্যু হয়। ১৪ বছর পর সম্পূরক অভিযোগপত্র দাখিল করার সময় তদন্ত কর্মকর্তা কি কবরে গিয়ে বাদীকে তদন্তের বিষয়বস্তু জানিয়েছেন?’