১৭ বছরে স্থাপিত ইটিপির সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১৯৯৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কী পরিমাণ ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপন করা হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের জন্য কী পরিমাণ জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে, সেসব তথ্য-উপাত্ত আগামী দুই মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিচারপিত মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তর গত ২২ জুলাই সাভারের পাকিজা ডায়িং কোম্পানিকে এক কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা জরিমানা করে। ওই প্রতিষ্ঠানটির ইটিপি যথাযথভাবে কাজ না করায় এ জরিমানা করা হয়। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কী পরিমাণ ইটিপি স্থাপন করা হয়েছে এবং জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে, সেই তথ্য-উপাত্ত প্রদানের নির্দেশনা চেয়ে ২২ সেপ্টেম্বর রিটটি করা হয়। পাকিজা ডায়িং কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মতিউর রহমান রিটটি করেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আবদুল হালিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আল আমিন সরকার।

শুনানি নিয়ে আদালত পাকিজা ডায়িং কোম্পানিকে করা জরিমানার আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

পরে আইনজীবী মোহাম্মদ আবদুল হালিম প্রথম আলো ডটকমকে বলেন, আদালত ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর ও সাভারে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানে ইটিপির সংখ্যা, আইন লঙ্ঘনের কারণে জরিমানা আরোপ ও আদায়ের তথ্য-উপাত্ত দাখিল করতে বলেছেন। তিনি দাবি করেন, অনেক শিল্পপ্রতিষ্ঠানেই ইটিপি স্থাপন করা হয়নি। পরিবেশ সংরক্ষণ আইনের ১৫ ধারা অনুসারে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এসব যুক্তিতে রিটটি করা হয়েছে।