১৭ বছরে ১৪ জনের মৃত্যুদণ্ড, কার্যকর হয়নি একটিও
অ্যাসিড নিক্ষেপ মামলায় সারা দেশে ৫ হাজার ৪১৭ জন অভিযুক্ত হলেও এ মামলায় গত ১৭ বছরে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৬৫৪ জন। ১৪ জনের ফাঁসির আদেশ হলেও তা কার্যকর হয়নি।
১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এক সমীক্ষার এ পরিসংখ্যান তুলে ধরেছে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন। গতকাল রোববার হবিগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটি এ তথ্য দেয়।
সভায় আরও জানানো হয় ২০০২ সালে এ বিষয়ে আইন হওয়ার পর অ্যাসিড নিক্ষেপের ঘটনা অনেকটা কমে এসেছে। এর আগে প্রতিবছর ২০০ থেকে ৪০০ ঘটনা ঘটত। গত বছর সারা দেশে ৫০ জন অ্যাসিড আক্রান্ত হন।
হবিগঞ্জ জেলায় অ্যাসিড আক্রান্তদের নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে কাজ করে আসছে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নামে একটি প্রতিষ্ঠান। ন্যাশনাল অ্যাসিড কন্ট্রোল কাউন্সিলের আর্থিক সহায়তায় এবং অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় অ্যাসিড-সহিংসতা প্রতিরোধ ও সচেতনতার ওপর কাজ করছে এ প্রতিষ্ঠানটি।
গতকাল হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামের হলরুমে জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহীন ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের ব্যবস্থাপক (কর্মসূচি) মৌসুমি শারমিন ও একই প্রতিষ্ঠানের কর্মসূচি সহযোগী মো. জহিরুল ইসলাম।
মৌসুমি শারমিন বলেন, গত ১৭ বছরে হবিগঞ্জ জেলার নয়টি থানায় ৭৫ জন অ্যাসিড-সহিংসতার শিকার হয়েছেন। তাঁর মধ্যে ৫০ জনই শিশু নারী। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন থেকে তাঁরা চিকিৎসা সহযোগিতা দিয়েছেন ৪৪ জনকে। বাকিরা সরকারি হাসপাতালের বার্ন ইউনিট থেকে এ চিকিৎসাসেবা পান।
হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহীন বলেন, তাঁরা চলতি বছর থেকে অ্যাসিড-সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর হবিগঞ্জ জেলায় কাজ করছেন। পাশাপাশি আগে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন ও আইনি সহযোগিতা করবেন তাঁরা। এ সভায় হবিগঞ্জ জেলা সদরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।