চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ১৭ বছর ধরে দন্ত চিকিৎসক নেই। এ পদে চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে ১৭ বার লিখিত আবেদন পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু আজও সাড়া মেলেনি। হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, এ হাসপাতালে ১৯৯৫ সালে ডেন্টাল সার্জনের পদে নিয়োগ পাওয়া চিকিৎসক অন্যত্র প্রেষণে বদলি হন। এ কারণে ওই পদটি শূন্য ঘোষণা করা সম্ভব হয়নি। তাই চিকিৎসকও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালের দন্ত বিভাগ পরিচালনা করছেন একজন ডেন্টাল টেকনোলজিস্ট। কিন্তু তাঁর ব্যবস্থাপত্র দেওয়ার ক্ষমতা নেই। তবুও কিছু দাঁতের সাধারণ রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। ডেন্টাল টেকনোলজিস্ট আবদুল্লাহ আল মামুন বলেন, গড়ে প্রতিদিন ১০ জন রোগী আসে এ বিভাগে। আমি কিছু সাধারণ ওষুধের তালিকা একটি স্লিপ (সাধারণ কাগজে) লিখে দিই। কিন্তু সেখানে চিকিৎসা কর্মকর্তাদের সই ছাড়া ওষুধ পাওয়া যায় না। এখন স্লিপ নিয়ে রোগীদের অন্য বিভাগের চিকিৎসা কর্মকর্তাদের কাছে সই নেওয়ার জন্য লাইন ধরতে হয়। অনেক সময় চিকিৎসা কর্মকর্তারা ওই স্লিপে সই করতে চান না। ফিরে এসে রোগীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে। সমস্যাটি আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) জানানো হয়েছে।আরএমও অসিত সরকার জানান, ১৯৯৫ সালে ইসরাত জাহান এখানে ডেন্টাল সার্জন (দন্ত চিকিৎসক) হিসেবে যোগ দেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে বদলি হন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকেই তিনি বেতন-ভাতা তুলছেন। এ কারণে এ হাসপাতালের ডেন্টাল সার্জনের পদটি শূন্য ঘোষণা করা সম্ভব হয়নি। ফলে এ পদে ডেন্টাল সার্জনকে নিয়োগ দেওয়াও সম্ভব হয়নি। বিষয়টি সমাধান করার জন্য ২০০১ সালের মে মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।