১৭ বছরেও অনুমোদন পায়নি বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরে এ রকম যানজট প্রতিদিনের দৃশ্য। ছবিটি গতকাল শহরের ব্যস্ততম ডিবি রোড থেকে তোলা l প্রথম আলো
গাইবান্ধা শহরে এ রকম যানজট প্রতিদিনের দৃশ্য। ছবিটি গতকাল শহরের ব্যস্ততম ডিবি রোড থেকে তোলা l প্রথম আলো

গাইবান্ধা জেলা শহরে বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি দীর্ঘ ১৭ বছরেও অনুমোদন পায়নি। ফলে শহরে দিনভর যানজট লেগেই থাকছে। দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে বাইপাস সড়ক নির্মাণে একটি প্রকল্প প্রণয়ন ও নকশা তৈরি করা হয়। শহরের পশ্চিমে সুংসুংগির মোড় এলাকার আনসার ক্লাব থেকে প্রফেসর কলোনি-সংলগ্ন তিন গাছতলা হয়ে পূর্বপাড়ার বালাসি পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। জমি অধিগ্রহণসহ এই সড়কে একটি সেতু, চারটি কালভার্ট নির্মাণেরও প্রস্তাব দেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয় ৫৬ কোটি টাকা।
এদিকে প্রকল্প প্রণয়নের পর তা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এর অনুমোদন পাওয়া যায়নি। সে সময় শহরের ভেতর দিয়ে যাওয়া পলাশবাড়ি-গাইবান্ধা-বালাসিঘাট সড়কটি ফিডার রোড হিসেবে চিহ্নিত ছিল। যোগাযোগ মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ফিডার রোডে বাইপাস সড়ক হয় না। ফলে বাইপাস সড়ক নির্মাণ করা হয়নি। কিন্তু ২০০৫ সালে গাইবান্ধা-পলাশবাড়ি-বালাসিঘাট সড়কটি আঞ্চলিক মহাসড়ক হিসেবে স্বীকৃতি পায়। ফলে বর্তমানে বাইপাস সড়ক নির্মাণে কোনো বাধা নেই।
সরেজমিনে দেখা গেছে, শহরে কোনো ট্রাক, রিকশা বা অটোরিকশা স্ট্যান্ড নেই। ফলে যত্রতত্র এসব যান দাঁড়িয়ে থাকে। এ কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়ছে।
গাইবান্ধা যুব নাগরিক আন্দোলনের আহ্বায়ক আনোয়ারুল কবির বলেন, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার লোকজন শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও জেলা প্রশাসক কার্যালয়ে যাতায়াত করেন। আবার সাদুল্যাপুর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার লোকজনকে শহর অতিক্রম করে ওইসব উপজেলায় যাতায়াত করতে হয়। ফলে প্রতিদিনই শহরে যানজট লেগে থাকছে।
শহরের সুখনগর এলাকার কলেজশিক্ষক সাখাওয়াৎ হোসেন বলেন, যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থাকায় পথ চলতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
গাইবান্ধা পৌরসভা মেয়র শামছুল আলম বলেন, যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের জন্য জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সওজ বিভাগকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু বাইপাস সড়ক নির্মাণ করলে কৃষি জমি নষ্ট হবে। আর বর্তমান সরকার জমি নষ্ট করে বাইপাস সড়কে নির্মাণে আগ্রহীও নয়। তবে যানজট নিরসনে বিকল্প হিসেবে শহরের পশ্চিমে সওজ কার্যালয় থেকে পূর্বে পুলবন্দি সেতু পর্যন্ত চার লেন-বিশিষ্ট একটি সড়ক নির্মাণে প্রস্তাব তৈরি করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে যানজট অনেকটা কমে যাবে।