১৭ বছরেও জোটেনি প্রতিবন্ধী ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই পা দুটি অস্বাভাবিক এবং চিকন। আঙুলগুলো বাঁকা, ছোট। হাঁটতে গেলে পায়ের রগে টান পড়ে। নিজে নিজে দু-চার কদমের বেশি হাঁটতে পারে না। পায়ে শক্তি না থাকায় দাঁড়িয়েও থাকতে পারে না বেশিক্ষণ। হাঁটতে-দাঁড়াতে অন্যের সাহায্য লাগে। তার ওপর সংসারে অভাব নিত্যসঙ্গী। তাতে কী! লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ। মা ও খালার হাত ধরে হেঁটে-অটোরিকশায় বাড়ি থেকে ১০ কিলোমিটার পথ পেরিয়ে প্রায় প্রতিদিন স্থানীয় মতলব ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ক্লাস করে সে।
মেয়েটির নাম বিউটি আক্তার (১৭)। বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামে। বাবা বিল্লাল হোসেন গ্রামের সামান্য দোকানি। মা ফাতেমা বেগম গৃহিণী। শারীরিক প্রতিবন্ধিতা সত্ত্বেও অদ্যাবধি তার ভাগ্যে জোটেনি সরকারি ভাতা। উপজেলা সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীদের তালিকায়ও তার নাম নেই।
গতকাল বৃহস্পতিবার কলেজের বারান্দায় কথা হয় বিউটির সঙ্গে। বিউটি জানায়, দুই বোনের মধ্যে সে বড়। ছোট বোন সানজিদা আক্তার সপ্তম শ্রেণিতে পড়ে। মা-খালাই তাকে পালাক্রমে নিয়ে আসেন কলেজে। এভাবে দুজনের সাহায্যে স্থানীয় নওগাঁও উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে গত বছর এসএসসিতে জিপিএ ৩ দশমিক ৭৫ পেয়েছে। বিউটি বলল, ‘নিজেকে দুর্বল ভাবি না। ইচ্ছা আছে ডিগ্রি পাস দিয়ে চাকরি নেব। নিজের পায়ে দাঁড়াব।’
পাশে দাঁড়িয়ে থাকা তার মা ফাতেমা বেগম বলেন, ‘সংসারের খুব অভাব। জমিজমা নাই। ওর বাবা টুকটাক দোকান করে। এ টেয়ায় সংসারে দুবেলা ভাতই জোডে না। পড়ার খরচ দিমু ক্যামনে! মেয়েডা পড়তে চায়। এলিগা কলেজে নিয়া আই। মেট্টিক (এসএসসি) পাসও এমনিই দিছে।’ বিউটির খালা সাবিনা ইয়াসমিনের আক্ষেপ, ‘সমাজসেবা অফিসে বারবার যোগাযোগ কইরাও ওর জন্য প্রতিবন্ধী ভাতা অইল না। এইডা কেমন দেশ?’
মতলব ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমানের মন্তব্য, ‘ঠিকমতো হাঁটতেই পারে না বিউটি। তবু নিয়মিত ক্লাসে আসে। ও দেখিয়েছে, ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘যাচাই করে প্রতিবন্ধীর তালিকা হয়েছে। ওর নামটা কেন বাদ পড়ল বুঝতে পারছি না। খোঁজখবর নিয়ে দেখব।’