১৭ বছরেও বরিশাল জেলা যুবলীগের কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা যুবলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ১৭ বছর আগে। ওই কমিটির কয়েকজন সদস্য মারা গেছেন। কেউ কেউ চলে গেছেন দেশের বাইরে। কেউ বা ব্যস্ত আছেন ঠিকাদারির কাজ নিয়ে। এত সমস্যা থাকার পরও আজ পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়নি। এতে একদিকে যেমন দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে এ সংগঠনে নতুন নেতৃত্ব গড়ে ওঠার পথ বন্ধ হয়ে গেছে।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে বরিশাল জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। তখন জাকির হোসেনকে সভাপতি ও ফজলুল করিম ওরফে শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক মারা গেছেন। দুজন সহসভাপতি আবদুস ছালাম ও পারভেজ চাকরি নিয়ে দল থেকে সরে গেছেন। ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আর কোনো সদস্যকে অনেকেই চেনে না। জেলা ও মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিরোধী দলে থাকার সময় দলের সব আন্দোলনে আমরা সামনের সারিতে ছিলাম। কিন্তু এখন আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। ওপরের দিকে সম্মেলন না হওয়ায় এবং আমাদের একটি সম্মানজনক স্থানে না নেওয়ার কারণে আজকের এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।’জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন ওরফে অরুণ বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় এখানেও সম্মেলন হচ্ছে না। এ কারণে নতুন কমিটি গঠন করা যাচ্ছে না। ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকার বিষয়ে তিনি বলেন, ‘জোট সরকারের সময় আমরা কোনো কাজ করতে পারিনি। দল ক্ষমতায় আসার কারণে কিছু কাজ করছি।’জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, প্রথমবার দল ক্ষমতায় থাকায় এবং পরে নানা কারণে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় কমিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর নতুন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন একই কমিটি থাকায় দলীয় কাজে স্থবিরতা এসেছে, এ অভিযোগ সঠিক নয়।