১৭ বছরেও মামলা নিষ্পত্তি না হওয়ায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর আগে একটি হত্যা মামলার বিচার শুরু হলেও কেন তা নিষ্পত্তি হয়নি, সে ব্যাপারে চট্টগ্রামের একটি আদালতের বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
ওই মামলার এক আসামির জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আনোয়ারুল ইসলাম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, ১৭ বছর আগে চট্টগ্রামের একটি হত্যা মামলার বিচার শুরু হয়, যা এখনো শেষ হয়নি। কেন বিচার শেষ হয়নি, সে ব্যাপারে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে এই মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।
নথিপত্রের তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালের ৬ আগস্ট চট্টগ্রামের সন্দ্বীপে আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই বছরের ১৯ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের বিরুদ্ধে ১৯৯৯ সালে আদালত বিচার শুরু করেন। মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে মাত্র চারজন আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন।
চলতি বছরের ১১ মে একজন আসামি চৌকিদার ফয়েজ গ্রেপ্তার হন। বিচারিক আদালতে তাঁর জামিন নাকচ হয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। এই আসামিকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।