সংস্কার না করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর কমিউনিটি ক্লিনিক ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এখানে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ১৭ বছর ধরে সংস্কার না করায় ভবনটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার অনেকে।
সরেজমিনে দেখা যায়, চিকিৎসকের জন্য তীব্র রোদের মধ্যে ১২-১৪ জন সারিবদ্ধভাবে কক্ষের বাইরে দাঁড়িয়ে আছেন। যেকোনো মুহূর্তে জরাজীর্ণ ভবনটি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা করেন তাঁরা। তাই চিকিৎসক ডাকলে একজন করে ভেতরে যাচ্ছেন। ভবনটির ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ছাদ চুইয়ে পানি পড়ছে। খসে পড়ছে পলেস্তারা। জানালার গ্রিলগুলো নষ্ট। বাইরে থেকে দেখলে প্রথম মনে হয় পরিত্যক্ত কোনো ভবন।
ক্লিনিক সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে রমজাননগর কমিউনিটি ক্লিনিক ভবনটি তৈরি করা হয়। লবণাক্ত এলাকায় হওয়ায় ও রক্ষণাবেক্ষণ না করায় দুই কক্ষবিশিষ্ট এ ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ২০০৯ সালে আইলায় ছয় মাস ভবনটি পানিতে তলিয়ে ছিল। এ অবস্থায় নামমাত্র পরিষ্কার করে ২০১১ সালে আবারও সেখানে কার্যক্রম শুরু হয়।
রমজাননগর কমিউনিটি ক্লিনিকের সমন্বিত স্বাস্থ্যসেবক শামছুর রহমান জানান, বর্তমানে এখানে একজন চিকিৎসকসহ চারজন কর্মচারী কর্মরত। চিকিৎসক মাসে চার দিন আসেন। অন্য দিনগুলোতে তিনি শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ক্লিনিকে প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী আসেন। গত বছর মার্চে তাঁরা এখানে প্রসূতিদের স্বাভাবিক প্রসব শুরু করেন। কিন্তু ভবনের নাজুক অবস্থার কারণে এক মাস পরই তা বন্ধ করে দিতে হয়।
তিনি জানান, রোগীরা ভবন ধসে পড়ার আতঙ্কে বাইরে অপেক্ষা করলেও তাঁদের সব সময় ঝুঁকিপূর্ণ ওই ভবনের মধ্যে থেকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
চিকিৎসা নিতে আসা সরস্বতী মণ্ডল বলেন, ‘অসুস্থ তাই চিকিৎসা নিতি আইছি, তাই বলে ঘরচাপা পড়ে মুরব? ডাক্তার ডাকলি ভেতরে যাবানে।’ চিকিৎসা নিতে আসা দীপা মণ্ডলও একই কথা বলেন।
রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর আলী জানান, ইউনিয়ন পরিষদে এ খাতে কোনো বরাদ্দ না থাকায় তিনি ভবনটি মেরামতের উদ্যোগ নিতে পারছেন না।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ভবনটি মেরামতের জন্য ঢাকার কমিউনিটি ক্লিনিক প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দুই বছর ধরে চিঠি লিখছেন। কিন্তু তাঁরা বলছেন, কোনো বরাদ্দ নেই। তাই কিছু করা যাচ্ছে না।