১৭ বছরেও সম্মেলন হয়নি, কার্যক্রম স্থবির
দলীয় কোন্দলের কারণে দীর্ঘ ১৭ বছর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। এতে দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। একই কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হন। দলীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৫ সালের ৩০ জুন। ১০ বছর পর ২০০৫ সালের ১৩ জুন নতুন কমিটি গঠন করার জন্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়। এতে কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। কিন্তু পদ নিয়ে বিরোধ থাকায় ওই সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা অওয়ামী লীগের সাবেক সভাপতি ও জয়পুরহাট পৌরসভার মেয়র আবদুল আজিজ মোল্লা এবং ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অপর পক্ষে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মাল আলী, ক্ষেতলাল উপজেলা আহ্বায়ক খলিলুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম।১৩ জুনের সংঘর্ষের জের ধরে আজিজ মোল্লা, তাইফুল ইসলাম তালুকদারসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সেই দ্বন্দ্বের খেসারত দিতে হয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে। ওই সময় সারা দেশে ব্যাপক ভরাডুবি হলেও জয়পুরহাট-২ আসনটি পায় বিএনপি।আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন, দলের পরীক্ষিত নেতারা বিগত নির্বাচনের তিন দিন আগে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের পক্ষে ভোট চাইলেও অনেক দেরিতে মাঠে নামায় দলীয় প্রার্থীর বিজয় অর্জন সম্ভব হয়নি। সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে নিজের আস্থাভাজন লোকদের নিয়ে আগের কমিটি ভেঙে দিয়ে মৌখিকভাবে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেন। কিন্তু দলীয় কোন্দল থাকায় আহ্বায়ক কমিটি গঠন করলেও দলীয় কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি।উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জি এম মহিউদ্দিন জানান, এসব নেতার দৌরাত্ম্য ও স্বেচ্ছাচারিতার কারণে দলীয় নেতা-কর্মীরা হতাশ ও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। দলীয় এসব সমস্যা সমাধান না করতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থীর আবারও ভরাডুবি হবে।দলে কোন্দল থাকার কথা স্বীকার করেছেন তাইফুল ইসলাম তালুকদার। তিনি জানান, কেন্দ্রীয় কমিটি তাগিদ দেওয়ার পরও জেলা কমিটি ক্ষেতলাল উপজেলা কমিটি গঠন করেনি। জেলা কমিটি তাদের মনোনীত লোক দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে দল চালাচ্ছে। কিন্তু দলীয় কোন্দলের কারণে আহ্বায়ক কমিটি দলীয় কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে পারেনি। দলীয় কার্যক্রম এখন স্থবির হয়ে পড়েছে।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় নেতার সামনে সংঘর্ষ হওয়ার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নতুন কমিটি গঠন করার উদ্যোগ নেননি। তবে এখন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মাল আলী বলেন, এ মাসে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে অবশ্যই উপজেলা পর্যায়ে সম্মেলনের আয়োজন করে নতুন কমিটি গঠন করা হবে।