১৭ বছরেও হয়নি বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠীর ওপর বোমা হামলার বিচার ১৭ বছরেও হয়নি। যশোরের সাংস্কৃতিক কর্মীরা প্রতিবছরের ৬ মার্চ ‘সংস্কৃতি রক্ষা দিবস’ হিসেবে দিবসটি পালন করেন। আজ রোববার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের শহীদ বেদিতে ১০টি মশাল প্রজ্বালন করা হবে।
১৯৯৯ সালের ৬ মার্চ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোর টাউন হল মাঠে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে ১০ জন শিল্পী নিহত হন। আহত হয় আড়াই শতাধিক নিরীহ মানুষ।
উদীচী সূত্র জানায়, দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বোমা হামলার স্থানে সকাল থেকে রক্তদান কর্মসূচি, ৫টা ১ মিনিটে ১০ শহীদের স্মরণে মালাদান ও প্রতিবাদী গান হবে। শেষে নিহত ১০ জনের স্মরণে মশাল প্রজ্বালন করা হবে।
মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে যশোর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রফিকুল ইসলাম বলেন, নিম্ন বিচারিক আদালত মামলার আসামিদের খালাসের আদেশ দিলে সরকারপক্ষ রায় বাতিলের দাবিতে ২০১১ সালে উচ্চ আদালতে আপিল করে। আদালত আপিল আবেদনটি গ্রহণ করে আসামিদের নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। মামলার ২৩ আসামির মধ্যে র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত ও অন্য একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। অন্যরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। কিন্তু মামলার সব নথি উচ্চ আদালতে থাকায় নিম্ন আদালত এখনো বিচারকাজ শুরু করতে পারছেন না। এ অবস্থায় মামলার বিচারকাজ আটকে রয়েছে।
উদীচীর শিল্পীরা বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে ২০০৬ সালের ৩০ মে আদালত থেকে খালাস পেয়ে যান মামলার সব আসামি। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনর্জীবিত হলেও আটকে আছে আইনের বেড়াজালে। বিচারের এই দীর্ঘ বিড়ম্বনায় ক্ষুব্ধ যশোরের মানুষ এখন দ্রুত এ মামলা চালু করার দাবি জানান।
বোমায় এক পা হারানো উদীচীর কর্মী সুকান্ত দাস বলেন, ‘একের পর এক বছর চলে যাচ্ছে। কিন্তু উদীচী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হয়নি। প্রকৃত অপরাধীদের শাস্তি চাই। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ১৯৯৯ সালে উদীচী ট্র্যাজেডির সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। বর্তমানেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হয়েছে। তাহলে উদীচী ট্র্যাজেডির বিচার হতে কেন দেরি হচ্ছে? অবিলম্বে উদীচী হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান বলেন, ‘আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা মনে করি, যারা বাঙালি সংস্কৃতি বিশ্বাস করে না, তারাই এ নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে।’