১৭ বছরেও হয়নি নিজস্ব ভবন, ভাড়াও বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভা প্রতিষ্ঠার ১৭ বছরেও হয়নি নিজস্ব ভবন। কার্যক্রম চলছে জেলা পরিষদের একটি ভাড়া করা ভবনে। তবে আজ পর্যন্ত ভাড়ার টাকা পরিশোধ করেনি পৌর কর্তৃপক্ষ।
এ পৌরসভা প্রতিষ্ঠা করা হয় ১৯৯৯ সালের ১৬ মার্চ। এর আয়তন ৭ দশমিক ৫৭৪ বর্গকিলোমিটার। জেলা পরিষদের মালিকানাধীন ১ হাজার ৭৩০ বর্গফুটের ডাকবাংলো ভাড়া নিয়ে পৌরসভার কার্যক্রম শুরু হয়। প্রতি মাসে ভাড়া নির্ধারণ করা হয় ৩ হাজার ৬৩৩ টাকা। সময়ের মধ্যে জেলা পরিষদের ভ্যাটসহ বকেয়া রয়েছে ৯ লাখ ৬ হাজার ৩৯৭ টাকা।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৬ জুলাই উপজেলা পরিষদের মাসিক দরপত্র সভায় (বর্তমানে উপজেলা উন্নয়ন সভা) প্রতি মাসে ৩ হাজার ৬৩৩ টাকা ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর দেওয়া সাপেক্ষে ডাকবাংলোটি পৌরসভার কাছে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই বছরের ১ আগস্ট সিদ্ধান্ত কার্যকর হয়। কিন্তু এত দিনেও পৌরসভা ভাড়া বাবদ একটি টাকাও পরিশোধ করা হয়নি।
জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘প্রতি পাঁচ বছর পর জেলা পরিষদ ১০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে। কিন্তু নগরকান্দা পৌরসভার ক্ষেত্রে তা কার্যকর হয়নি। আমরা ভাড়ার জন্য চাপ দিলে পৌরসভা জানায়, জেলা পরিষদের কাছে কর বাবদ পৌরসভার পাওনা ৪৯ হাজার ৪৫ টাকা।’ তিনি বলেন, ‘পৌরসভা আমাদের বকেয়া পরিশোধ করলে আমরাও পৌরকর দিতে রাজি আছি।’
পৌরসভার সচিব এ এইচ এম রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের আর্থিক সংগতি নেই। এ কারণে আমাদের বেতনই ঠিকমতো হয় না। তাই ওই ভবনের ভাড়াও পরিশোধ করতে পারছি না। এ অবস্থায় ১ নভেম্বর পৌরসভা মানবিক দিক বিবেচনা করে ভাড়া মওকুফের জন্য জেলা পরিষদের কাছে আবেদন করা হয়েছে।’
পৌর মেয়র মো. রায়হান উদ্দিন মিয়া বলেন, ‘পৌরসভার নিজস্ব ভবনের জন্য জায়গা খুঁজছি। পেলেই ভবন নির্মাণ করা সম্ভব হবে। আর জেলা পরিষদের পাওনা কিস্তিতে পরিশোধে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘পৌরসভার নিজস্ব ভবন করার উদ্যোগ আমরা নিয়েছিলাম। স্থানীয় মন্ত্রণালয় পৌরসভার মালিকানায় ৫২ শতাংশ জমির ওপর ভবন নির্মাণ করে দিতে রাজি হয়। কিন্তু জায়গা না পাওয়ায় ভবনটি হচ্ছে না। আমরা জমির জন্য বহু চেষ্টা করছি, পৌর এলাকায় যে খাসজমি আছে, তা প্রভাবশালীদের দখলে, তাই আমরা কোনোভাবেই পৌরসভার জন্য জমির ব্যবস্থা করতে পারছি না।’