১৭ বছরেও হয়নি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থসংকটে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় সেতুর নির্মাণকাজ আবারও আটকে গেছে। এর আগে বেশ কয়েকবার নকশা পরিবর্তনসহ নানা কারণে সেতুর কাজ আটকে গিয়েছিল। এ কারণে ১৭ বছরেও এর নির্মাণকাজ শেষ করা যায়নি।সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের সঙ্গে সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। এতে কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদী পারাপার হয়ে মালামাল নিতে তাঁদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় এলাকায় আত্রাই, নন্দকুঁজা ও গুমানী নদীর মোহনায় ১৯৯৫ সালে সেতুর নির্মাণকাজ শুরু হয়। এখানে প্রথমে পাঁচস্প্যান-বিশিষ্ট একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় বরাদ্দ ছিল আড়াই কোটি টাকা। শুরু করার কিছুদিন পর নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার নির্মাণকাজ শেষ না করেই চলে যায়। এরপর টানা ১২ বছর কাজ বন্ধ থাকে। সওজ সূত্রে আরও জানা গেছে, ১৯৯৫ সালে প্রথমে এখানে বেইলি সেতু করার পরিকল্পনা ছিল। কিন্তু নকশায় ত্রুটি থাকায় ওই পরিকল্পনা বাতিল করা হয়। পরবর্তী সময়ে এর নকশা পরিবর্তন করা হয়। পরিবর্তিত নকশা অনুযায়ী বর্তমানে সেতুটির দৈর্ঘ্য ১২৪ দশমিক ২৮ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৬ মিটার। দুর্ঘটনা রোধে রিকশা-ভ্যান পারাপার ও মানুষ চলাচলের জন্য সেতুর উভয় পাশে দশমিক ৭৫ মিটার করে জায়গা রাখা হয়েছে। এ ছাড়া এ সেতুর দুই পারে এক কিলোমিটার করে সংযোগ সড়ক রাখা হয়েছে। সেতুটির নিমাণ ব্যয় ধরা হয়েছে চার কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা। নির্মাণকাজ পেয়ে ‘মীর শরিফুল ইসলাম কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১০ সালের ৩১ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। ২০১১ সালের ৩১ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এক বছরে মাত্র ১৫ ভাগ কাজ শেষ হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের ভাই মীর আমিরুল ইসলাম জাহান জানান, সেতুটির কার্যাদেশ যখন দেওয়া হয়, তখন খুব বৃষ্টি ছিল। সে কারণে কাজ শুরু করতে বিলস্ব হয়। তা ছাড়া সময়মতো বরাদ্দের টাকা তাঁরা পাননি। টাকার অভাবে তাঁরা সেতুর কাজ শেষ করতে পারছেন না।সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. বাদেশ আলী বলেন, অর্থসংকট নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানকেও দোষারোপ করা যাচ্ছে না। তার পরও অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে চেষ্টা-তদবির চলছে।স্থানীয় সাংসদ মো. আবদুল কুদ্দুস বলেন, অর্থসংকটের কারণে নির্ধারিত সময়ে সেতুর কাজটি শেষ করা যায়নি। তবে যোগাযোগমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে এ সেতুর জন্য অর্থ ছাড় করার আশ্বাস দিয়েছেন। সেতুর কাজ শেষ হলে উত্তর চলনবিলের মানুষকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে যাতায়াত করতে হবে। তখন চলনবিলের কৃষকেরা সরাসরি সড়ক যোগাযোগ হওয়ার সুবিধা ভোগ করবেন।