১৭ বিচারকের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতে প্রেষণে থাকা ১৭ জন বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন সুপ্রিম কোর্ট।
গতকাল সোমবার সুপ্রিম কোর্ট এ-সংক্রান্ত আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে ওই ১৭ বিচারককে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
আদেশে হুঁশিয়ার করে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট বিচারকেরা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন।
নিষেধাজ্ঞা দেওয়া বিচারকদের মধ্যে ১৪ জনই প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার জন্য তিন মাসের কোর্সে ২৭ মে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল ওই আদেশ জারির খবর সারা দেশের বিচারকদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।
এ আদেশ সম্পর্কে আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। কাল (আজ) অফিসে গিয়ে বিস্তারিত জানবেন। তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
প্রসঙ্গত, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে থাকা বিচারকদের বিদেশ সফরে সুপ্রিম কোর্টের পরামর্শের দরকার নেই বলে মনে করে সরকার। অন্যদিকে সুপ্রিম কোর্ট মনে করেন, মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী এটা করতে সরকার বাধ্য। কারণ, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ ও ১১৬ অনুচ্ছেদে কর্মরত বিচারক ও প্রেষণে থাকা বিচারকের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করা হয়নি। সংবিধানের ১০৯ অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগকে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং ১১৬ অনুচ্ছেদে বিচারকদের শৃঙ্খলা, কর্মস্থল নির্ধারণ, ছুটিসহ সব বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে বলা হয়েছে।
গতকাল হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর সই করা ওই আদেশের অনুলিপি ১৭ জন বিচারকের বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ৯ মে সুপ্রিম কোর্টেও জারি করা পরিপত্র অনুসরণ না করে বিচারকদের বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ওই পরিপত্র সংবিধানের ১০৭ অনুচ্ছেদ বলে প্রণীত হাইকোর্ট রুলসের আওতায় জারি করা হয়েছে, সরকার তাই এটা কোনো প্রশাসনিক আদেশ দ্বারা অকার্যকর করতে পারে না।
৩ মে আইন ও বিচার মন্ত্রণালয় ১২ জন বিচারক এবং ৮ মে আইন মন্ত্রণালয়ে কর্মরত দুজন যুগ্ম সচিবের (জ্যেষ্ঠ জেলা জজ) অস্ট্রেলিয়া সফরে আদেশ জারি করেছে। বাকি তিনজন বিচারক যাবেন সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে। গতকালের আদেশে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের পরামর্শ ব্যতিরেকে বিদেশ গমনের আদেশ জারি করায় আপনাদেরকে বিদেশে না যেতে অত্র কোর্ট নির্দেশনা প্রদান করছে।’
বিচারকদের উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণে গত ২৮ মার্চ সরকারের সঙ্গে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই হয়। সরকারের তহবিল থেকে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ২০১৯ সালের মধ্যে ৫৪০ জন বিচারককে পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।