হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৭ বিচারকের মধ্যে দুজনের বিষয়ে আপত্তি জানিয়ে তাঁদের নাম প্রত্যাহার করতে বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে এ দুই বিচারককে শপথবাক্য পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর বিকেল তিনটায় এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সভাপতি এসব কথা বলেন। সমিতির সভাপতির কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা, সহসম্পাদক মোর্শেদ আলী মামুন প্রমুখ। এর আগে বিএনপির নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, আমিনুল হক, সমিতির সভাপতি ও সম্পাদক বেলা দুইটায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্ করেন। প্রায় ২০ মিনিট প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন তাঁরা। পরে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, নিয়োগ পাওয়া ১৭ বিচারপতির মধ্যে দুজন বিতর্কিত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে রুহুল কুদ্দুস হত্যা মামলার আসামি। বেআইনিভাবে মামলাটি প্রত্যাহার করা হয়েছে। অপরজন খসরুজ্জামান সুপ্রিম কোর্টের দরজায় লাথি মেরেছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব বিষয় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্ করে নজরে এনেছি। নাম প্রত্যাহার ও শপথবাক্য পাঠ না করানোর কথা বলেছি। নিয়োগ দেওয়ার পর পরিবর্তন করা যায় না, এটি ঠিক নয়। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা মর্মাহত ও দুঃখিত, প্রধান বিচারপতি এ বিষয়ে আশ্বস্ত করেননি। প্রধান বিচারপতি বলেছেন, তিনি যা করেছেন, তার বাইরে তাঁর কিছু করার নাই।’ তবে আমরা হতাশ হয়নি। আশা করছি, প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করবেন। পরবর্তী কর্মসূচি প্রশ্নে তিনি বলেন, কাল (আজ মঙ্গলবার) দুপুর সোয়া একটায় সাধারণ আইনজীবীদের জরুরি সভা ডাকা হয়েছে।