১৭ মার্চের মধ্যে প্রতিকৃতি বিকৃতিকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই তাঁর প্রতিকৃতি বিকৃতকারীদের শাস্তির দাবি জানিয়েছে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে প্রতিকৃতি বিকৃতকারীকে ঝাড়ুপেটা করে চট্টগ্রাম ছাড়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছে সংগঠনটি। অন্যদিকে, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে শামিল হতে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে।
দুটি সংগঠনের নেতরা গতকাল শনিবার পৃথক সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির ঘটনায় সাংসদ এম এ লতিফের শাস্তি দাবি করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সকালে সংবাদ সম্মেলনে নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সাংসদ লতিফ বঙ্গবন্ধুর ছবি বিকৃতভাবে উপস্থাপন করে জাতিকে ক্ষুব্ধ করেছেন। তিনি একাত্তরে মা-বোনদের ইজ্জত লুণ্ঠনকারী পরাজিত শক্তির দোসর। যেকোনোভাবে হোক তিনি আওয়ামী লীগের টিকিটে সাংসদ হয়েছেন। মনে করেছিলাম তিনি অনেকের মতো শুদ্ধ হবেন, কিন্তু হননি।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন, এমন কিছু হাইব্রিড দুর্জন বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকারীর পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের অতীত ও বর্তমান আমাদের জানা আছে। সময়মতো তাঁদের মুখোশও উন্মোচন করা হবে। অনেক হাইব্রিড নেতা আজ দল ও সরকারের নানা পদে বহাল রয়েছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
জাগ্রত ছাত্র যুব জনতা: চিটাগং সিনিয়র ক্লাব মিলনায়তনে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির ঘটনায় জড়িত ব্যক্তিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁদের দায় স্বীকার করেছেন। তাই কালক্ষেপণ না করে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই তাঁর প্রতিকৃতি বিকৃতকারীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। তা নাহলে প্রতিকৃতি বিকৃতকারীকে ঝাড়ুপেটা করে চট্টগ্রাম ছাড়ার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন জাগ্রত ছাত্র যুব জনতার নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এ এম এম জাহিদ হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম।
সাংসদ লতিফকে ইঙ্গিত করে খোরশেদ আলম বলেন, ‘তিনি (লতিফ) স্বীকার করেছেন এটি বঙ্গবন্ধুর ছবি নয়। দায় স্বীকার করে পরে ডিজাইনারকে জজ মিয়া বানানোর অপচেষ্টা করছেন।’
সংবাদ সম্মেলনে নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, যুবলীগের নেতা ফরিদ মাহমুদ, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।