
চলতি বছরের মার্চ মাসে চট্টগ্রামে এসে তিনটি সেতুর নির্মাণকাজের ধীরগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের বিমানবন্দর সড়কের এই তিন সেতুর কাজ শেষ না হওয়ায় যানজটের কারণে এক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছিল বিমানযাত্রী, পর্যটকসহ নগরের পতেঙ্গা এলাকার কয়েক লাখ মানুষ। প্রধানমন্ত্রীর সফরের মাত্র তিন মাসের মধ্যে দুটি সেতুর কাজ শেষ করে গত সোমবার বিকেলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আরেকটি সেতুর কাজও প্রায় শেষের পথে।
প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের আগে বিমানবন্দর সড়কের রুবি সিমেন্টের পাশে ৭ নম্বর খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ ১৭ মাসে (২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) হয়েছিল মাত্র ৫ শতাংশ। একই সময়ে সড়কের ৯ নম্বর গুপ্ত খালের সেতুর কাজ হয় ১০ শতাংশ। গত বছরের ১৩ অক্টোবর দুটি সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। এ ছাড়া সড়কের ১৫ নম্বর খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ ১৭ মাসে হয়েছে ৪০ শতাংশ। প্রধানমন্ত্রীর সফরের পরের তিন মাসেই হয়েছে আরও ৪০ শতাংশ। সড়কের সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে সেতু তিনটির অবস্থান। পুরো সড়কটি ২২ কিলোমিটার দীর্ঘ।

গত ১২ মার্চ চট্টগ্রাম নগরের পতেঙ্গার বোট ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের পরপরই এসব প্রকল্পের কাজে গতি আসে। চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবন্দর সড়কের তিনটি সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় এবং সড়কের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি মেয়র (আ জ ম নাছির উদ্দীন) সাহেবকে জিজ্ঞেস করলাম, কেন ব্রিজগুলো হয়নি? এগুলো এলজিইডি ও সিটি করপোরেশনের করার কথা। ওরাই দায়িত্ব নিয়েছিল এবং জাইকা সহযোগিতা করছে। জাইকা কোনো কাজে দেরি করে, সেটা আমার জানা নেই। আমি আগামীবার এসে রাস্তার দুরবস্থা যেন না দেখি।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই নড়েচড়ে বসে চট্টগ্রাম সিটি করপোরেশন ও এলজিইডি। প্রধানমন্ত্রীর বক্তব্যের তিন দিন পর এলজিইডি সেতুগুলোর নির্মাণকাজের তদারকির দায়িত্ব চট্টগ্রাম বিভাগে কর্মরত সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে দেয়। এ ছাড়া প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়। তিনটি সেতুর দেখভাল করার জন্য তিন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নেতৃত্বে তিনটি টিম গঠন করে সিটি করপোরেশন। মেয়র আ জ ম নাছির উদ্দীন গত তিন মাসে প্রতি সপ্তাহে অন্তত একবার সেতুগুলোর নির্মাণকাজ পরিদর্শন করেন বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ।
জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে চট্টগ্রাম নগরের অবকাঠামোগত উন্নয়নে ২০১৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে বিমানবন্দর সড়কে তিনটি সেতু নির্মাণসহ ১৬টি প্রকল্পের কাজ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সিটি গভর্নেন্স প্রজেক্ট’-এর আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করছে সিটি করপোরেশন।
শুরুতে এলজিইডি ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়ের অভাবে প্রকল্পের কাজ মন্থর ছিল বলে সিটি করপোরেশনের প্রকৌশলীরা জানান। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তিতে পুরোনো সেতু অপসারণ ও বিকল্প সড়ক নির্মাণে কোনো নির্দেশনা ছিল না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঠিক সময়ে প্রকল্প এলাকাও বুঝিয়ে দেওয়া হয়নি। সেতুর নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক ও পানির লাইন অপসারণ নিয়েও ছিল জটিলতা। এসব কারণে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি বলে দাবি করেন প্রকৌশলীরা।
সিটি করপোরেশন সূত্র জানায়, রুবি সিমেন্টের পাশে ৭ নম্বর খালের ওপর ১৪ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ ব্যয় ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা। ৯ নম্বর গুপ্ত খালের ওপর নির্মাণাধীন ২০ মিটার দীর্ঘ সেতুটির ব্যয় ২ কোটি ১৩ লাখ টাকা এবং ১৫ নম্বর খালের ওপর নির্মাণাধীন ৪০ মিটার দীর্ঘ সেতুর জন্য ব্যয় ধরা হয় ৬ কোটি ৫৬ লাখ টাকা।
প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হওয়ার পর সবাই মিলে সব জটিলতা নিরসন করে সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করতে উদ্যোগ নেন বলে জানান তিনটি সেতুর প্রকল্প পরিচালক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম। প্রধানমন্ত্রী ক্ষুব্ধ না হলে সেতুর কাজ সম্পন্ন করতে আরও দুই মাস বেশি সময় লাগত বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এলজিইডির সঙ্গে কাজের সমন্বয় নিয়ে আর কোনো সমস্যা হয়নি বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, দুটি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হলেও পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
দীর্ঘদিন ধরে সেতুর কাজ চলায় দোকানে ক্রেতার সংখ্যা কমে গেছে বলে জানান পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকার তেল ব্যবসায়ী মোহাম্মদ রনি ও নৌযান মেরামতকারী মো. আবদুল খালেক। তাঁরা বলেন, প্রচণ্ড ধুলাবালুর মধ্যে তাঁদের এক বছর ধরে ব্যবসা করতে হচ্ছে। এখন সেতুটির কাজ শেষ হওয়ার অপেক্ষায় আছেন তাঁরা।
পতেঙ্গার ব্যবসায়ী ফরহাদ উদ্দিন বলেন, সেতুর কাজ শেষ হওয়ায় দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে।
প্রধানমন্ত্রীর চোখে পড়াতেই সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ হয়েছে বলে জানান চট্টগ্রামের প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান। তিনি প্রথম আলোকে বলেন, ছোট তিনটি সেতুর জন্য প্রধানমন্ত্রীকে রাগারাগি করতে হলো, এটা দুঃখজনক। প্রধানমন্ত্রীর চোখে না পড়লে দেরিতে কাজ করা যাবে—এ ধরনের একটি মনোভাব তৈরি হয়েছে, যা দেশের জন্য ভালো নয়।