বগুড়ার নয়টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ১৭ জন মেয়র পদপ্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের চার ও বিএনপির তিনজন মেয়র পদপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এ ছাড়া এইচএসসি পাস আছেন আওয়ামী লীগে তিনজন ও বিএনপিতে পাঁচজন। অন্যরা এসএসসিও পাস করেননি। দুই দলের অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
পৌরসভাগুলো হলো বগুড়া সদর, কাহালু, গাবতলী, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, শিবগঞ্জ ও সান্তাহার।
বগুড়া সদর পৌরসভার আওয়ামী লীগ-বিএনপি দুই দলের মেয়র পদপ্রার্থীই এলএলবি পাস এবং দুজনের পেশাই আইন ব্যবসা। এখানে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেবে রয়েছেন রেজাউল করিম মন্টু। বিএনপির প্রার্থী মাহাবুবর রহমান নিজেকে একজন সম্পদশালী প্রার্থী উল্লেখ করেছেন।
কাহালু পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপির কোনো মেয়র পদপ্রার্থীই এসএসসির গণ্ডি পার হতে পারেননি। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র হেলাল উদ্দিন কবিরাজ অষ্টম শ্রেণি পাস। বিএনপির প্রার্থী আবদুল মান্নান স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁর বিরুদ্ধে ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা আদালতে বিচারাধীন।
গাবতলী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোমিনুল হক অক্ষরজ্ঞানসম্পন্ন। এই পৌরসভায় বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম এইচএসসি পাস। হলফনামায় নিজের পেশা ব্যবসা উল্লেখ করেছেন ধান-চালের ব্যবসা। এই প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে একটি মামলা বিচারাধীন থাকলেও অতীতে ছিল ১১টি মামলা।
নন্দীগ্রামে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সুশান্ত কুমারের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। সুশান্ত কুমারের অতীতে ব্যবসা থাকলেও এখন কৃষিকাজে জড়িত। অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম এলএলবি পাস। পেশা হিসেবে তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত।
সারিয়াকান্দি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার জায়গায় বিএসএস পাস উল্লেখ করেছেন। এই প্রার্থীর বিরুদ্ধে অতীতে ছাত্রলীগ নেতাকে হত্যাসহ চারটি মামলা ছিল। এর মধ্যে হত্যা মামলাসহ দুটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। অন্য একটিতে খালাস এবং অন্য একটিতে অব্যাহতি পেয়েছেন। বিএনপির প্রার্থীর এখানে মনোনয়ন বাতিল হয়েছে। তবে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল হামিদ সরদার ও আবদুর রশিদ ফরাজি এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাবেক মেয়র আবদুল হামিদ পেশায় একজন চাল ব্যবসায়ী। অতীতে তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা ছিল।
ধুনটের আলিমুদ্দিন হারুন মণ্ডল হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি, পেশায় ধান-চালের ব্যবসা ও নিজের নামে দুটি মামলা বিচারাধীন ও অতীতে ১৫টি মামলা থাকার কথা উল্লেখ করেছেন। বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলামও শিক্ষাগত যোগ্যতা এসএসসি, পেশা ব্যবসা, নিজের বিরুদ্ধে চারটি মামলা চলমান এবং অতীতে তিনটি মামলা থাকার কথা উল্লেখ করেছেন।
শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার শিক্ষাগত যোগ্যতার জায়গায় নিজেকে বিএ পাস উল্লেখ করেছেন। পেশা ধান-চালের ব্যবসা। বিএনপির প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু শিক্ষাগত যোগ্যতার জায়গায় লিখেছেন বিএ পাস। পেশাা হিসেবে উল্লেখ করেছেন কেব্ল ব্যবসা।
শিবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান পেশায় সাংবাদিকতা ও শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস লিখেছেন। বিএনপির প্রার্থী মতিয়ার রহমান শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি এবং পেশা ঠিকাদারি ব্যবসা।
সান্তাহার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল ইসলাম পেশায় ঠিকাদার এবং শিক্ষাগত যোগ্যতার জায়গায় এইচএসসি পাস। অন্যদিকে বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন তাঁর হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় বিকম এবং ব্যবসার জায়গায় পেট্রলপাম্প, ব্যাগ উৎপাদনের কারখানা এবং ধান-চালের ব্যবসা বলে উল্লেখ করেছেন।