
পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে ১৭ জন রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন মনে করছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এসব কর্মকর্তা যথাযথ ব্যবস্থা নেননি। এ কারণে গতকাল মঙ্গলবার কমিশন তাঁদের চিঠি দিয়েছে।
এদিকে গত সোমবার রাত ও গতকাল সাতটি এলাকায় আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
১৭ জন রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো চিঠিতে সই রয়েছে কমিশন সচিবালয়ের উপসচিব রকিবউদ্দীন মণ্ডলের। গতকাল রাতে তাঁদের এই চিঠি পাঠানো হয়।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশন ১৭ রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছে, তাঁদের এলাকায় আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, বা ঘটে থাকলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
যে ১৭ রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে, তাঁরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা (জেলা নির্বাচন কর্মকর্তা), সিরাজগঞ্জের শাহজাদপুর (জেলা নির্বাচন কর্মকর্তা), শরীয়তপুরের ভেদরগঞ্জ (উপজেলা নির্বাহী কর্মকর্তা), ঢাকার সাভার (জেলা নির্বাচন কর্মকর্তা), চাঁদপুরের কচুয়া (উপজেলা নির্বাহী কর্মকর্তা), ঢাকার ধামরাই (উপজেলা নির্বাহী কর্মকর্তা), নারায়ণগঞ্জের তারাব (উপজেলা নির্বাহী কর্মকর্তা), খুলনার পাইকগাছা (জেলা নির্বাচন কর্মকর্তা), মাগুরা সদর (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক), বরগুনার বেতাগী (জেলা নির্বাচন কর্মকর্তা), নড়াইল সদর (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক), নড়াইলের কালিয়া (জেলা নির্বাচন কর্মকর্তা), মুন্সিগঞ্জের মিরকাদিম (জেলা নির্বাচন কর্মকর্তা), চাঁদপুরের ছেংগারচর (উপজেলা নির্বাহী কর্মকর্তা), ঝিনাইদহের মহেশপুর (জেলা নির্বাচন কর্মকর্তা), নাটোরের গুরুদাসপুর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও নাটোরের বড়াইগ্রাম (উপজেলা নির্বাহী কর্মকর্তা)।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মন্ত্রী-সাংসদেরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। কমিশন সচিবালয় থেকে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে কমিশন জানতে পেরেছে, হবিগঞ্জের নবীগঞ্জে ৫ ডিসেম্বর সাংসদ আবু জাহির আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করে ভোট চেয়েছেন সাংসদ হাসিবুর রহমান। শরীয়তপুরের ভেদরগঞ্জে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেন সাংসদ নাহিম রাজ্জাক। ৪ ডিসেম্বর চাঁদপুরের কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ঢাকার ধামরাইয়ের এম এ মালেক নিজস্ব প্রার্থীর পক্ষে প্রচার চালান। ৮ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম পৌর নির্বাচনে প্রচারে নামেন সাংসদ আবদুল কুদ্দুস। ৭ ডিসেম্বর নড়াইল সদর ও কালিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারে নামেন সাংসদ কবিরুল হক।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনীতে বিধি লঙ্ঘন করে গতকাল বিকেলে পৌরসভার বর্জ্য অপসারণকাজে ব্যবহৃত ট্রাক দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকারিয়া আহমদের নির্বাচনী কার্যালয়ে ২০০ চেয়ার পৌঁছাতে দেখা গেছে। ওই ট্রাকের নিবন্ধন নম্বর না থাকলেও সামনে ও পেছনে ‘গোলাপগঞ্জ পৌরসভা’ লেখা ছিল।
গোলাপগঞ্জ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করেন। বিধি লঙ্ঘনে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
হবিগঞ্জ পৌরসভায় বিকেলে বিজয় শোভাযাত্রা থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের ঈদগাহ থেকে জেলা আওয়ামী লীগ বিজয় দিবসের ব্যানারে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার সামনে ছিল দুই শতাধিক মোটরসাইকেল। শোভাযাত্রা থেকে নৌকা প্রতীকের স্লোগান দেওয়া হয় ও লিফলেট বিতরণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম বলেন, এ বিষয়ে তিনি অভিযোগ পাননি। খোঁজ নিয়ে দেখবেন।
জামালপুরের মেলান্দহ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী শফিক জাহিদী ওরফে রবিনের সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করে গান বাজানোর মাধ্যমে প্রচারণা করছেন। পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত গান বাজানো হচ্ছে।
মেলান্দহের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জন কেনিডি জামবিল বলেন, এভাবে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারেন না। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর পুঠিয়ায় সোমবার রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী শাহ জালাল আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য ভোজের আয়োজন করেন। অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা মনজুরুল ইসলাম ভোজের খাবার জব্দ করে দিয়ে দেন স্থানীয় এতিমখানায়। প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নরসিংদীতে আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিলে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির সদস্য ও উপদেষ্টাদের নিয়ে দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠক করেন। সূত্র বলেছে, বৈঠকে তিনি পৌর নির্বাচন-সংক্রান্ত দলীয় নির্দেশনা দিয়েছেন। সেখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ভবানী গেট এলাকায় গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদারের একটি নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করতে দেখা গেছে। আচরণবিধিতে আলোকসজ্জা করা নিষেধ রয়েছে।
এ বিষয়ে শাহজাহান সিকদার বলেন, আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকলে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।
হামলা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সরকারের সমর্থকেরা বিএনপির প্রার্থী ফারুক আহম্মেদের নির্বাচনী কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সজীব মিয়া নামের এক প্রতিবন্ধী শিশুকে মারধর করা হয়।
এ ঘটনায় গতকাল বিএনপির প্রার্থীর পক্ষে তাঁর সমর্থক মজিদুল হক রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
ফারুক আহম্মেদ বলেন, সোমবার রাতে নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামী লীগের কর্মীদের মোটরসাইকেল নিয়ে মিছিল থেকে চাষকপাড়ায় স্থাপিত তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়।
অবশ্য আতাউর রহমান সরকার বলেন, ‘আমার কোনো সমর্থক নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়নি। কে বা কারা হামলা চালিয়েছে, তা আমার জানা নেই।’
গোবিন্দগঞ্জের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা এলাকায় গতকাল প্রচারণা চালানোর সময় জামায়াত-সমর্থিত প্রার্থী তাওহীদুল হক চৌধুরীর প্রচার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মুঠোফোনে তাৎক্ষণিক অভিযোগ করেন।