ভুয়া র্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মুরাদ হোসেন, মিন্টু মিয়া, মো. ইমন ও সাব্বির হোসেন নামের চার ব্যক্তিকে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, গাজীপুরে গ্রামীণ ব্যাংকের বাসন শাখার ব্যাবস্থাপক সানোয়ার হোসেন ও সহকারী ব্যবস্থাপক উত্তম কুমার দাস গতকাল বেলা দুইটায় ডাচ্-বাংলা ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা থেকে ১৭ লাখ টাকা তুলে গ্রামীণ ব্যাংকের বাসন শাখায় ফিরছিলেন। এ সময় তাঁদের গতিরোধ করে একটি মাইক্রোবাসের আরোহী একদল ছিনতাইকারী। তাঁরা নিজেদের র্যাবের সদস্য ও গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে ওই দুজনকে টাকাসহ মাইক্রোবাসে তুলে নেন। গাড়িটি ময়মনসিংহ সড়ক ধরে রাজেন্দ্রপুরের দিকে যাওয়ার পথে তাঁদের চোখ বেঁধে ফেলা হয়। এ সময় তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশে খবর দেয়। প্রায় আধা ঘণ্টার অভিযানে পুলিশ ওই ছিনতাইকারীদের গ্রেপ্তারে সমর্থ হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হচ্ছে। ছিনতাইকারীদের কাছ থেকে ১৭ লাখ টাকা, র্যাবের পোশাক, একটি ওয়্যারলেস সেট, তিন সেট হাতকড়া উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। গাজীপুর সদর, টঙ্গী ও কালিয়াকৈর এলাকায় পুলিশ ও র্যাব পরিচয়ে গত কয়েক মাসে বেশ কয়েকটি ছিনতাই হয়েছে।