১৭ সেতু-কালভার্ট ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া সড়কের আমুয়া বন্দর পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কের ১৭টি সেতু ও কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রত্যেকটি সেতু ও কালভার্টের সামনেই রয়েছে বিপজ্জনক বাঁক। ওই সড়কে চলাচলকারী ‘বাবার আদর’ পরিবহনের চালক মহসিন মিয়া জানান, খানাখন্দে ভরা ঝুঁকিপূর্ণ সড়কের কোনো বাঁকেই ‘দিক নির্দেশক’ চিহ্ন না থাকায় দুর্ঘটনার আশংকা নিয়ে প্রতিদিন গাড়ি চালাতে হয়। ৩৫ কিলোমিটার রাস্তা পার হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। এ সড়কে নিয়মিত যাতায়াতকারী তরিকুল ইসলাম জানান, সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলার অনুপযোগী হয়ে পড়েছে। ঝালকাঠির সঙ্গে বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এ সড়কটি পুনর্নির্মাণে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরেজমিনে দেখা যায়, রাজাপুর উপজেলার সত্যনগরের সেতু, দক্ষিণ আঙ্গারিয়ার তালুকদারবাড়ির সামনের সেতু, পুঁটিয়াখালীর দাসেরবাড়ির উত্তর পাশের কালভার্ট, দাসেরবাড়ির খালের ওপর গাইডওয়ালবিহীন সেতু, কাঁঠালিয়ার মোল্লাবাড়ির সেতু, সাতানির সেতু, উত্তর বটতলার সেতু, কচুয়াবাজারের উত্তর পাশের সেতু, কচুয়াবাজারের সেতু, কাঁঠালিয়া থানার সামনের সেতু, তালতলা বাজারের সেতু, বাজারের পশ্চিম দিকের পাশাপাশি দুটি কালভার্ট, আকনের হাটের দুটি সেতু ও উত্তর মুর্শিদাবাদের সেতুগুলো বিপজ্জনক। এসব সেতুতে যানবাহন ওঠানামার সময় বাঁকের কারণে সেতুর রেলিং বাসে লেগে যায় এবং সেতুর ঢালে বাঁক থাকায় সেতু পারাপারের সময় যানবাহন যেকোনো সময় পাশের খাদে বা খালে পড়ার আশঙ্কা থাকে। সেতু ছাড়াও সড়কের অবস্থা ঝুঁকিপূর্ণ। কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, এ সড়কের সাতআনিবাজার ও আলফালাহ এলাকা পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। শিগগিরই এ রাস্তা সংস্কার করা না হলে ঝালকাঠির সঙ্গে কাঁঠালিয়া উপজেলা ও বরগুনা জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহীন সরদার জানান, বেশি ক্ষতিগ্রস্ত আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য আগামী এক মাসের মধ্যে ঠিকাদার নির্বাচন ও কার্যাদেশ দেওয়া হবে।