১৭ সেপ্টেম্বর বিমানের হজ ফ্লাইট শুরু, সংকটের আশঙ্কা নাকচ
১৭ সেপ্টেম্বর থেকে হজযাত্রী পরিবহন শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এবার বাংলাদেশ থেকে অনুমিত হজযাত্রী এক লাখ ১২ হাজার ৫৬৮ জন। এর অর্ধেক অর্থাৎ ৫৬ হাজার ২৮৪ জনকে বহন করবে বাংলাদেশ বিমান। বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে সৌদি আরবের দুটি বিমান সংস্থা সাউদিয়া ও নাস এয়ার।বিমানের প্রধান কার্যালয় বলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব আতহারুল ইসলাম বলেন, হজযাত্রী পরিবহনে কোনো সমস্যা হবে না। সংকট হবে বলে যে আশঙ্কার কথা গণমাধ্যমে বলা হচ্ছে, তা সম্পূর্ণ অমূলক বলে দাবি করেন তিনি।বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদ বলেন, হজ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান নিজস্ব দুটি বোয়িং ৭৭৭, দুটি ডিসি-১০ ও ভাড়া করা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ব্যবহার করবে। এই পাঁচটি উড়োজাহাজ দিয়ে ১১০টি হজপূর্ব ফ্লাইট এবং সমসংখ্যক ফিরতি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২০টি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী আনা-নেওয়া করা হবে। আর এতে ৫৮ হাজার ৫০০ হজযাত্রী পরিবহনের ক্ষমতা দাঁড়িয়েছে বলে তিনি জানান।এদিকে গতকাল পৃথক এক সংবাদ সম্মেলনে হজযাত্রী পরিবহনে দেশি-বিদেশি সব বিমান সংস্থাকে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক নেতারা। সংবাদ সম্মেলনে হাবের সাবেক মহাসচিব ইয়াকুব শরাফতী দাবি করেন, এ ব্যবস্থা নেওয়া না হলে প্রায় ২২ হাজার হজযাত্রী অনিশ্চয়তার মুখে পড়বেন।তবে এই আশঙ্কা নাকচ করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমানসচিব আতহারুল ইসলাম বলেন, মৃত্যু, অসুস্থতা বা আইনগত সমস্যা না থাকলে, কিংবা কেউ স্বেচ্ছায় যাত্রা বাতিল না করলে, একজনও হজযাত্রা থেকে বাদ পড়বেন না। এবার তৃতীয় কোনো বিমান সংস্থাকে (থার্ড ক্যারিয়ার) কেন হজযাত্রী বহনে রাখা হয়নি—এ প্রশ্নের জবাবে আতহারুল ইসলাম বলেন, প্রথমত এর দরকার নেই। দ্বিতীয়ত, আইনগত কারণে সুযোগও নেই। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক ওই দেশের বিমান সংস্থা ও বাকি অর্ধেক বাংলাদেশ বিমান পরিবহন করবে।বিমান কর্তৃপক্ষ জানায়, হজযাত্রীদের প্রথমে বিমানবন্দরের অদূরে আশকোনা হজক্যাম্পে যেতে হবে। সেখানেই অভিবাসনসহ ভ্রমণের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। হজক্যাম্প থেকে যাত্রীরা সরাসরি উড়োজাহাজে উঠবেন। আর নিয়মিত ফ্লাইটের হজযাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা সারতে হবে। আর ফিরতি ফ্লাইটে হাজিদের ১০ ঘণ্টা পূর্বে জেদ্দা টার্মিনালে হাজির হতে হবে। প্রত্যেক হজযাত্রী ৩০ কেজি মাল বহন করতে পারবেন। বিমানে এর বেশি মাল বহন করা যাবে না। এ ছাড়া হজযাত্রীরা নিজেরা জমজমের পানি আনতে পারবেন না। ঢাকায় নামার পর প্রত্যেককে ১০ লিটার জমজমের পানি দেবে বিমান কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হজক্যাম্প-সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জয়নাল আবেদীন এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।