১৭ সেপ্টেম্বর সিলেটে বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ১৭ সেপ্টেম্বর সিলেটে সমাবেশ ডেকেছে বিএনপি। ইলিয়াস নিখোঁজ হওয়ার পাঁচ মাস পরও সন্ধান না পাওয়ায় ‘ইলিয়াসকে ফিরিয়ে দাও’ স্লোগানে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাতে দলের জেলা কমিটির জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁকে সরকারই গুম করেছে বলে অভিযোগ তুলে বিএনপির কেন্দ্র থেকে স্থানীয় নেতারা গত প্রায় পাঁচ মাস হরতালসহ প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। ইলিয়াস না ফেরা পর্যন্ত সিলেটে তাঁর ঘোষিত জেলা কমিটি নেতৃত্বে থাকবে—কেন্দ্রীয়ভাবে এ ঘোষণার পর থেকে জেলা বিএনপি যেকোনো দলীয় কর্মসূচিতে ‘ইলিয়াসকে ফিরিয়ে দাও’ দাবি অব্যাহত রেখেছে। এ দাবিতে ১৭ সেপ্টেম্বর ইলিয়াস নিখোঁজের পাঁচ মাস পূর্ণ হওয়ায় জেলা বিএনপি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। বিকেলে নগরের কোর্ট পয়েন্টে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেনের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি নূরুল হক, শেখ মো. মকন মিয়া, মইনুল হক চৌধুরী, মোজাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, এ টি এম ফয়েজ, দপ্তর সম্পাদক ও ইলিয়াস আলীর ব্যক্তিগত সচিব মো. ময়নুল হক, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, বিশ্বনাথ উপজেলার সভাপতি মো. জালাল উদ্দিন, ওসমানীনগর থানার সভাপতি সৈয়দ মোতাহির আলী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য রুকসানা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল, সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর সালেহা কবির প্রমুখ। সভায় সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, গোয়াইঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এম ইলিয়াস আলীকে সরকার পরিকল্পিতভাবে গুম করে রেখেছে দাবি করে বলেন, পাঁচ মাস হলেও সরকার এখনো তাঁর সন্ধান দিচ্ছে না। কালবিলম্ব না করে জননেতা এম ইলিয়াস আলীকে পরিবার-পরিজন তথা দেশবাসীর কাছে দ্রুত ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।